মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য পাকিস্তানের প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাকিস্তান জঙ্গিদের নিরাপদ আস্তানা’—গত বৃহস্পতিবার আফগানিস্তান সফরে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার করা এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। গতকাল শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ ধরনের উক্তি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পরিপন্থী।বিবৃতিতে বলা হয়, ‘আমরা সবাই মিলে যখন সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থার বিরুদ্ধে লড়াই করছি, তখন অত্যন্ত জটিল এই বিষয়টিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অতি সরলীকরণ করে ফেলেছেন।’পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ইসলামাবাদের নিজস্ব কৌশল রয়েছে। বিষয়টি মোকাবিলায় পাকিস্তান নিজস্ব গতিতেই এগোবে।বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান বারবার বলেছে, দেশটির ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহূত হয় না। কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নিরাপদ আবাস হিসেবে পাকিস্তানকে ব্যবহারের সুযোগ নেই। ’এদিকে পাকিস্তান কর্তৃপক্ষ লিওন প্যানেট্টার বক্তব্য প্রত্যাখ্যান করলেও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গতকাল নতুন করে পাকিস্তানের বিরুদ্ধে ‘পরোক্ষ’ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ফক্স নিউজকে প্যানেট্টা বলেন, আফগানিস্তানে অবস্থান করা মার্কিন সেনাদের নিরাপত্তার স্বার্থে সম্ভাব্য যেকোনো ধরনের পদক্ষেপ নিতে কুণ্ঠাবোধ করবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের উপজাতীয় এলাকায় যুদ্ধে লিপ্ত রয়েছে। তিনি বলেন, ‘পাকিস্তান সীমান্তের ভেতরে হাক্কানি জঙ্গিরা অবস্থান করছে, তাঁরা সীমান্ত পাড়ি দিয়ে আফগানিস্তানে প্রবেশ করে আমাদের সৈন্যদের ওপর আক্রমণ চালাচ্ছে, সৈন্যদের হত্যা করছে। এরপর ওই জঙ্গিরা পাকিস্তানের নিরাপদ আস্তানায় ফিরে যাচ্ছে—এ অবস্থা দিনের পর দিন ঘটে চলবে আর আমরা তা সহ্য করব, এটি হতে পারে না। এই অবস্থা অসহনীয়।’তবে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক কিছুদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে আসবে। চায়না ডেইলিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। জারদারি বর্তমানে চীনের রাজধানী বেইজিং সফরে রয়েছেন।প্যানেট্টার মন্তব্য সম্পর্কে পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি, মাঝেমধ্যে রাজনীতিবিদেরা রাজনৈতিক কারণে বিভিন্ন মন্তব্য করেন। এ বছরটি যুক্তরাষ্ট্রের জন্য নির্বাচনী বছর। যুক্তরাষ্ট্র থেকে যত মন্তব্য আসছে, এর অধিকাংশই দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে বলা হচ্ছে।’জারদারি বলেন, ‘আমাদের (যুক্তরাষ্ট্র-পাকিস্তান) স্বার্থ অভিন্ন। ধীরে হলেও নিশ্চিতভাবেই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসবে।’ জারদারি আরও বলেন, ‘আমরা সন্ত্রাসের শিকার। অনেকে মনে করতে পারে, পাকিস্তান সন্ত্রাসীদের সহায়তাকারী। কিন্তু এটি ভুল ধারণা। সন্ত্রাসী হামলা এবং কার্যক্রমে পাকিস্তান অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে। রয়টার্স, পিটিআই, ডন।