মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না দেওয়ার জন্য ওয়াশিংটনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে, অস্ত্র বিক্রি নিয়ে ওয়াশিংটন-বেইজিং বিতর্ক থেকে দূরে থাকতে চাইছে সংশ্লিষ্ট মার্কিন প্রতিষ্ঠানগুলো।ওবামা প্রশাসন বলেছে, চীনের সঙ্গে ব্যাপক সম্পর্ক রাখার ব্যাপারে তারা এখনো অঙ্গীকারবদ্ধ। ওয়াশিংটন তাইওয়ানের কাছে ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করার পর চীনের পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে চীন। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে চীনা কর্তৃপক্ষ।সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, গত নভেম্বরে চীন সফরের সময় তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রিসহ অন্যান্য প্রসঙ্গে চীনা নেতাদের সঙ্গে আলোচনা করেছিলেন প্রেসিডেন্ট ওবামা।হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, ‘আমরা সব সময় বলে আসছি, আমরা এমন ধরনের সম্পর্ক চাই, যেখানে পারস্পরিক উদ্বেগ-সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা একসঙ্গে কাজ করব। কিন্তু যখন আমাদের মধ্যে মতানৈক্য দেখা দেবে, তখন ওই সব মতানৈক্য আমরা জনসমক্ষে তুলে ধরব।’রবার্ট গিবস আরও বলেন, ‘আমি মনে করি, বর্তমান প্রশাসনের সময় চীনের সঙ্গে আমাদের ওই ধরনের সম্পর্ক রয়েছে।’এদিকে, অস্ত্র চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কোম্পানিগুলো এ সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা শুধু এটুকু বলেছে যে, বিষয়টি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট, কোনো সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে নয়।একটি কোম্পানির একজন কর্মকর্তা বলেছেন, ওই নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি চীন। সুতরাং এর প্রভাব সম্পর্কে অনুমান করা কঠিন।মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারেরা চীনে খুব সামান্যই অস্ত্র বিক্রি করে থাকেন। ১৯৮৯ সালের তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর রক্তাক্ত দমনপীড়নের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চীনে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। অ্যারোস্পেস জায়ান্ট বোয়িং কোম্পানি চীনকে তার অন্যতম বাজার হিসেবে গণ্য করে থাকে। তাইওয়ানকে ১২টি হারপুন ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য পাঁচ কোটি ৭০ লাখ ডলারের চুক্তি করেছে বোয়িং কোম্পানির ম্যাকডোনেল ডগলাস ইউনিট।চীনের বিমান-চালনা শিল্পের সঙ্গে বোয়িংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে ওই সম্পর্ক বিনষ্ট হতে পারে।ওয়াশিংটনের রক্ষণশীল গবেষণা সংস্থা হেরিটেজ ফাউন্ডেশনের এশিয়ান স্টাডিজ সেন্টারের পরিচালক ওয়াল্টার লেহম্যান বলেন, চীনা কর্মকর্তাদের দিক থেকে নিষেধাজ্ঞার হুমকি কূটনীতির সঙ্গে সংশ্লিষ্ট, অর্থনীতির সঙ্গে নয়। এএফপি।