মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ববি জিন্দাল!
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর ববি জিন্দাল আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন লাভের লক্ষ্যে দলের প্রাইমারিতে লড়তে পারেন। রিপাবলিকান পার্টির সিনেটর ডেভিড ভিট্টা গত রোববার এ কথা বলেছেন।
সিনেটর ডেভিড গত রোববার সি-স্প্যান বা কেব্ল স্যাটেলাইট পাবলিক অ্যাফেয়ার্স নেটওয়ার্ককে বলেন, ২০১৬ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দল থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করবেন। রিপাবলিকান পার্টির প্রাইমারিতে অংশ নিতে ইতিমধ্যে কাজ শুরু করেছেন তিনি। তবে তাঁকে সমর্থন দেবেন কি না, এ বিষয়ে কিছু বলেননি সিনেটর ডেভিড।
সিনেটর ডেভিড বলেন, ‘আমি ববিকে পছন্দ করি। তাঁর নেতৃত্বকে শ্রদ্ধা করি। তাঁর সব রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সহমত পোষণ করি। তবে আমি ব্যক্তিগতভাবে কী করব, না করব এ বিষয়ে ভাবিনি।’ তিনি আরও বলেন, ববি রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হবেন। পিটিআই।
থাইল্যান্ডে প্রার্থী নিবন্ধন ঠেকাতে স্টেডিয়াম ঘেরাও
থাইল্যান্ডের আসন্ন নির্বাচন প্রতিরোধের লক্ষ্যে আটঘাট বেঁধে মাঠে নামছে সরকারবিরোধীরা। গতকাল সোমবার তারা নির্বাচনের জন্য প্রার্থীদের নিবন্ধন ঠেকাতে একটি স্টেডিয়াম ঘিরে রাখে। অবশ্য, এর মধ্যেও সেখানে অনেক প্রার্থী গিয়ে নিবন্ধন করেন। অন্যরা স্থানীয় একটি থানায় গিয়ে নিবন্ধন করেন।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ও তাঁর পরিবারকে থাই রাজনীতি থেকে উৎখাতের লক্ষ্যে মাঠে নেমেছে বিরোধীরা। কয়েক সপ্তাহ ধরে তাদের আন্দোলনের জের ধরে ইংলাক পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ২ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের ঘোষণা দেন। তবে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
থাইল্যান্ডের এবারের রাজনৈতিক সংকটে একদিকে রয়েছে রাজধানী ব্যাংককভিত্তিক অভিজাত সম্প্রদায়। অন্যদিকে রয়েছে ইংলাক ও তাঁর ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার গ্রামীণ ও দরিদ্র সমর্থকেরা।
শত শত বিক্ষোভকারী গতকাল ব্যাংককের থাই-জাপানি স্টেডিয়ামের বাইরে অবস্থান নেয়। ২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিবন্ধন করতে সেখানে যাওয়ার চেষ্টা করেন।
থাই নির্বাচন কমিশনের কর্মকর্তা সোমচাই শ্রিসুত্থিইয়াকর্ন সংবাদ সম্মেলনে জানান, নয়টি দল স্টেডিয়ামে পৌঁছাতে পেরেছে। তবে কর্মকর্তারা তাঁদের নিবন্ধন শেষ করতে পারেননি। দুই ডজনের মতো রাজনৈতিক দল স্টেডিয়ামে যেতে পারেনি। সেখানে পৌঁছাতে না দেওয়ায় তাঁরা থানায় অভিযোগ করেন।
এদিকে কিছু রাজনৈতিক দলের প্রার্থীরা স্থানীয় একটি থানায় গিয়ে নিবন্ধন করেন বলে জানিয়েছেন সংবাদদাতারা। অবশ্য, একপর্যায়ে বিক্ষোভকারীরা ওই থানা ঘিরে ফেলে।
প্রধানমন্ত্রী ইংলাকের দল পুয়ে থাই পার্টির মুখপাত্র প্রমপং নোপারিট বলেন, বিক্ষোভকারীরা স্টেডিয়ামটি ঘেরাওয়ের আগে তাঁর দলের প্রতিনিধিরা সকালে সেখানে পৌঁছান। দলের যে প্রার্থী তালিকা জমা দেওয়া হয়েছে, সেখানে সবার আগে ইংলাকের নাম রয়েছে। সাধারণত তালিকার শীর্ষে যাঁর নাম থাকে, দল নির্বাচনে জিতলে তিনিই প্রধানমন্ত্রী হবেন।
ইংলাকের প্রার্থিতার বিষয়টি বিক্ষোভকারীদের আরও খেপিয়ে তুলবে। কেননা, তারা থাইল্যান্ডের রাজনীতিকে ইংলাকের ভাই থাকসিনের প্রভাবমুক্ত করতে চায়। ২০০৬ সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে থাকসিন দুবাইয়ে স্বেচ্ছানির্বাসনে থাকলেও তিনিই দেশের ক্ষমতার কলকাঠি নাড়েন বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
বিক্ষোভকারীদের স্বঘোষিত পিপলস ডেমোক্রেটিক রিফর্ম কমিটির দাবি, দেশে নতুন নির্বাচন অনুষ্ঠানের আগে একটি অনির্বাচিত ‘পিপলস কাউন্সিল’-এর কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
বিক্ষোভকারীরা চলমান সংকটে সরকারবিরোধীদের সমর্থন দিতে থাইল্যান্ডের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানায়। ১৯৩২ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে ১৮ বার অভ্যুত্থান বা অভ্যুত্থানের চেষ্টা হয়েছে। তবে সেনাবাহিনী এবার কোনো পদক্ষেপ নেবে না বলে ইঙ্গিত দিয়েছে। এএফপি ও বিবিসি।