মার্কিন বন্দীকে মুক্ত করতে পিয়ংইয়ংয়ে জিমি কার্টার
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার উত্তর কোরিয়ার কারাগারে আটক এক মার্কিন নাগরিককে মুক্ত করার জন্য পিয়ংইয়ংয়ে গেছেন। উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম গতকাল বুধবার এ কথা জানায়। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু দূত কিম কাই-গাওয়ান পিয়ংইয়ং বিমানবন্দরে কার্টারকে স্বাগত জানান। ব্যক্তিগত বিমানে স্ত্রী রোজালিন এবং কার্টার সেন্টারের প্রেসিডেন্ট জন হার্ডম্যানকে নিয়ে গত মঙ্গলবার উত্তর কোরিয়ার উদ্দেশে দেশ ছাড়েন নোবেলজয়ী কার্টার। সিউলভিত্তিক ওয়াইটিএন টেলিভিশন নেটওয়ার্ক বুধবার বিকেলে তাঁর পিয়ংইয়ং পৌঁছানোর কথা জানিয়েছে।গত জানুয়ারিতে আইজালোন মাহলি গোমেজ নামে ওই মার্কিন নাগরিক চীন থেকে উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করেন। এ অপরাধে এপ্রিলে তাঁকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেন উত্তর কোরিয়ার আদালত। এএফপি, বিবিসি।