মার্কিন বাহিনীর আকার ছোট করার পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর আকার ছোট করে আনার পরিকল্পনা করছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মার্কিন বাহিনীর আকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের অবস্থায় নেমে আসবে। এ ছাড়া বিমানবাহিনীর এ-১০ যুদ্ধবিমানের পুরোটাই বিলুপ্ত করারও পরিকল্পনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসে  গত রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, ইরাক ও আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর এই প্রতিশ্রুতির পর মার্কিন সরকারের ব্যয়সংকোচন নীতির আলোকে প্রতিরক্ষা ব্যয় কমাতে এ রকম পরিকল্পনার একটি প্রস্তাব দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। প্রস্তাবটির রূপরেখা তৈরি করেছেন পেন্টাগনের কিছু কর্মকর্তা।

প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, এ পরিকল্পনা বাস্তবায়ন হলে কোনো শত্রুদেশকে মার্কিন সামরিক বাহিনীর পরাজিত করার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করবে। বিদেশে দীর্ঘ দখলদারি বজায় রাখতে এই বাহিনী হবে একেবারেই ছোট। অবস্থা এমন দাঁড়াবে, মার্কিন বাহিনীকে যদি একই সময় দুটি বৃহৎ আকারের অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়, সে ক্ষেত্রে বেশ বড় ঝুঁকি দেখা দেবে।

পেন্টাগনের ঊর্ধ্বতন এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, ‘আপনাকে সব সময় আপনার প্রতিষ্ঠানকে প্রস্তুত রাখতে হবে। কিন্তু বড় ধরনের কোনো স্থলযুদ্ধ না হলে আপনি বড় আকারের স্থল প্রতিরক্ষা বিভাগ চালাতে পারবেন না।’ পিটিআই।