মার্কিন বিমান হামলায় শত শত আফগান শিশু নিহত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় গত চার বছরে কয়েক শ শিশু নিহত হয়েছে। সম্প্রতি জাতিসংঘের শিশু অধিকার-সংক্রান্ত একটি সংস্থার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।জাতিসংঘের জেনেভাভিত্তিক ‘কমিটি অন দ্য রাইটস অব দ্য চাইল্ড’ ২০০৮ সাল থেকে পর্যবেক্ষণ করে মার্কিন হামলায় আফগান শিশুদের প্রাণহানি-সংক্রান্ত এ প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, শুধু ২০১১ সালেই ১১০ জন শিশু নিহত ও ৬৮ জন আহত হয়েছে।জাতিসংঘের শিশু অধিকার-সংক্রান্ত এই কমিটি আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিমান হামলাসহ অন্যান্য হামলায় গত চার বছরে কয়েক শ শিশু নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।মার্কিন বাহিনীর পূর্বসতর্কতার অভাব ও নির্বিচারে সামরিক শক্তির ব্যবহারের কারণে আফগানিস্তানে এত শিশুর প্রাণহানি ঘটেছে বলে কমিটি মত দিয়েছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, তিনি এখনো প্রতিবেদনটি দেখেননি। প্রতিবেদনটি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।প্রতি চার বছর পর পর জাতিসংঘের শিশু অধিকার-সংক্রান্ত সংস্থাটি শিশুদের বিষয়ে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে। এবারের প্রতিবেদন এমন সময়ে প্রকাশ করা হলো, যখন ড্রোন হামলার লক্ষ্যবস্তু ও বিমান হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতির নিবিড় পর্যালোচনা করছে ওয়াশিংটন। জঙ্গি জমায়েতের অজুহাতে অসংখ্যবার বিয়েবাড়ির অনুষ্ঠানে বিমান থেকে বোমা ফেলে নির্বিচারে নিরপরাধ মানুষ হত্যা করেছে মার্কিন বাহিনী। এ ছাড়া প্রায়ই মার্কিন সেনারা আফগান নাগরিকদের বাড়িতে ঢুকে পড়ে বুলেটে নিরপরাধ আফগান নারী-শিশু ও বৃদ্ধের বুক ঝাঁঝরা করেছে। ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি আফগানিস্তানের কুনারে ন্যাটো বাহিনীর এক হামলায় ৬৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল। এর মধ্যে ৪০ জনই ছিল শিশু।এসব নির্বিচার হত্যার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই প্রায়ই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কিন্তু তার পরও মার্কিন তথা ন্যাটো বাহিনীর নির্বিচার নারী-শিশু হত্যা বন্ধ হয়নি।জাতিসংঘের এই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলা হয়েছে, তাদের সুনির্দিষ্ট ও দৃঢ় সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ করে নির্বিচারে সাধারণ নাগরিক, বিশেষ করে অবোধ শিশু হত্যা বন্ধ করতে হবে।এই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে আরও বলা হয়, মার্কিন বিমান হামলার শিকার শিশু ও তাঁর পরিবারকে যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। মানবাধিকার সংস্থা এবং বেসামরিক নাগরিকদের অধিকার রক্ষাসংক্রান্ত বিভিন্ন সংস্থা জাতিসংঘের এই প্রতিবেদন এবং তাঁদের সুপারিশকে স্বাগত জানিয়েছে।মার্কিন মানবাধিকার সংস্থা আমেরিকান সিভিল রাইটস ইউনিয়নের পরিচালক জামিল ডকার বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং সাধারণ নাগরিক হত্যা ও শিশু হত্যার স্বাধীন তদন্ত করতে হবে। এপি, রয়টার্স, এএফপি।