মার্কিন বিমানবাহী রণতরি দেশে ফিরছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সম্ভাব্য অভিযানের জন্য ভূমধ্যসাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের দুটি রণতরি গত শুক্রবার সুয়েজ খাল পেরিয়ে দেশের পথ ধরেছে। মিসরের নিয়ন্ত্রণাধীন সুয়েজ খাল কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সামরিক হস্তক্ষেপের পরিবর্তে কূটনৈতিকভাবেই সিরীয় সমস্যা সমাধানের পরিকল্পনার বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক সুয়েজ খাল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস নিমিৎজ এবং একটি ডেস্ট্রয়ার শুক্রবার সুয়েজ খাল পার হয়ে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে যায়। রণতরিটিকে নামে চিহ্নিত করতে পারলেও তিনি ডেস্ট্রয়ারটির পরিচয় জানাতে পারেননি। জাহাজ দুটি সুয়েজ খাল পার হতে ১৪ ঘণ্টা সময় নেয়। এ সময় খালসহ পাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং কাছাকাছি সব সড়ক বন্ধ করে দেওয়া হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পারস্য উপসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরি দেশে ফিরছে।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতি বাড়ায়। সিরিয়ার বিদ্রোহীদের ওপর রাসায়নিক হামলার অভিযোগে ওই সময় দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল। আল-জাজিরা।