মার্কিন বিমানে বোমা আতঙ্ক কাতারের কূটনীতিক আটক
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ডেনভারগামী একটি মার্কিন বিমানে গত বুধবার বোমা হামলার আশঙ্কায় উচ্চসতর্কতা জারি করা হয়। আকাশে থাকা অবস্থায় বিমানের শৌচাগারে ধোঁয়া দেখা গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। কর্মকর্তারা জানান, বিমানের যাত্রী কাতারের এক কূটনীতিক লুকিয়ে ধূমপান করতে গেলে ওই ধোঁয়া তৈরি হয়। ওই কূটনীতিক কৌতুক করে বলেছেন, তিনি জুতোয় আগুন ধরানোর চেষ্টা করছিলেন। বিমানে থাকা নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করেন।কর্মকর্তারা জানান, আটক ব্যক্তির কাছ থেকে কোনো ধরনের বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি। তিনি কারও ক্ষতি করার চেষ্টা করছিলেন, এমন কোনো প্রমাণও মেলেনি। তবে তদন্ত চলছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তাকর্মী জানান, আটক ব্যক্তি যুক্তরাষ্ট্রে কাতার দূতাবাসের একজন কর্মকর্তা। তাঁর নাম মোহাম্মদ আল-মোদাদি (২৭)। তিনি অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে কাজ করছেন।বিমানটি নিরাপদে ডেনভার বিমানবন্দরে অবতরণ করে। নিরাপত্তা ও দমকল বাহিনীর একাধিক গাড়ি বিমানটিকে ঘিরে ফেলে। দুটি বাসে করে বিমানযাত্রীদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের নিজ নিজ গন্তব্যে ফেরত পাঠানো হয়। অবশ্য এতে ডেনভার বিমানবন্দরে অন্য কোনো ফ্লাইটের ওঠানো-নামানোয় বিঘ্ন ঘটেনি।কর্মকর্তারা আরও জানান, বিমানের শৌচাগার থেকে ওই যাত্রী বের হয়ে আসার সময় একজন ক্রু ভেতরে ধোঁয়ার গন্ধ পান এবং বিমানে থাকা নিরাপত্তাকর্মীদের সতর্ক করেন। নিরাপত্তাকর্মীরা ওই যাত্রীকে আটক করেন এবং পাইলট জরুরি নিরাপত্তা বার্তা পাঠান। বার্তা পেয়ে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করা পর্যন্ত বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে যায় দুটি এফ-১৬ জঙ্গিবিমান। বিমানে ১৫৭ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।২০০১ সালে রিচার্ড রেইড নামের এক ব্যক্তি একটি মার্কিন বিমানে জুতোবোমা হামলার চেষ্টা করেছিলেন। গত ডিসেম্বরে নাইজেরিয়ার এক নাগরিকও একটি মার্কিন বিমানে বোমা হামলার ব্যর্থ চেষ্টা চালান।