আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা লন্ডন অলিম্পিক চলাকালে বোমা মেরে একটি মার্কিন বিমান উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ব্রিটেনের সংবাদপত্র সানডে টাইমস গতকাল রোববার এ খবর প্রকাশ করে।খবরে বলা হয়, আল-কায়েদার আরব উপদ্বীপ শাখার (একিউএপি) উদ্যোগে নিয়োগ দেওয়া হয় নরওয়ের একজন ধর্মান্তরিত মুসলিম ব্যক্তিকে। আবু আবদুর রহমান নামের ওই ব্যক্তিকে বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী এড়ানোর জন্য ইয়েমেনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একিউএপি সম্ভবত মার্কিন একটি যাত্রীবাহী বিমানে হামলার পরিকল্পনা করছে।পত্রিকার খবরে বলা হয়, প্রায় ৩০ বছর বয়সী আবদুর রহমানের গায়ের রং ফরসা। তিনি ২০০৮ সালে ধর্মান্তরিত হয়ে দ্রুত চরমপন্থী হয়ে ওঠেন। জঙ্গি প্রশিক্ষণ নেওয়ার জন্য তিনি ইয়েমেনে বেশ কয়েক মাস অবস্থান করেন।যুক্তরাজ্যের হোয়াইট হলের একজন কর্মকর্তা বলেন, অলিম্পিক গেমসের সময় ছাড়াও সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। চলতি মাসের ২৭ তারিখ থেকে ১২ আগস্ট পর্যন্ত লন্ডনে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। এএফপি ও পিটিআই।