মার্কিন ব্যবসায়ীর বিরুদ্ধে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ
টেক্সাসের একজন ব্যবসায়ীর বিরুদ্ধে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পাঁচ কোটি ডলারের গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি রাশিয়া সরকারের কাছে বিক্রি করেছেন।তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই ব্যবসায়ীর যন্ত্রপাতি বিক্রির সঙ্গে গুপ্তচরবৃত্তির কোনো সম্পর্ক নেই। রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব অভিযোগ আনা হয়েছে, তা অপরাধ কর্মকাণ্ড এবং এর সঙ্গে কোনো গোয়েন্দাগিরি সম্পৃক্ত নয়।’ ওই গুপ্তচরের নাম আলেক্সান্ডার ফিশেঙ্কো (৪৬)। হিউস্টনভিত্তিক আর্ক ইলেকট্রনিকস ইনকরপোরেশনের মালিক তিনি। কাজাখস্তানের বংশোদ্ভূত এই নাগরিক গত শতকের আশির দশকে সোভিয়েত সামরিক গোয়েন্দা বাহিনীর হয়ে কাজ করেন। ১৯৯৪ সালে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। মার্কিন নাগরিকত্ব পান ২০০৩ সালে। তিনি ও তাঁর ১০ জন কর্মী তাঁদের কোম্পানির মাধ্যমে রাশিয়ায় ক্ষুদ্র সামরিক সংবেদনশীল যন্ত্রাংশ পাচার করেছেন।কৌঁসুলিরা গত বুধবার ব্রুকলিনের আদালতে দাবি করেন, ফিশেঙ্কো এক দশক ধরে তাঁর কোম্পানির মাধ্যমে রাডার, সার্ভেল্যান্স সিস্টেম, অস্ত্রনিয়ন্ত্রক সিস্টেমসহ অন্যান্য সূক্ষ্ম গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি রাশিয়ায় পাচার করেন। এর মাধ্যমে তাঁরা ক্ষুদ্র ইলেকট্রনিকস যন্ত্র রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধও লঙ্ঘন করেছেন। এ ছাড়া ফিশেঙ্কোর বিরুদ্ধে মানি লন্ডারিং ও নিবন্ধন ছাড়াই রুশ সরকারের হয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। ফিশেঙ্কোর স্ত্রী ভিক্টোরিয়া আর্ক ইলেকট্রনিকস কোম্পানির অন্যতম মালিক। তবে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতেও অস্বীকৃতি জানান। আটজন গ্রেপ্তার: এদিকে এ ঘটনায় হিউস্টন থেকে আলেক্সান্ডার ফিশেঙ্কোসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ষড়যন্ত্রে মোট ১১ জন জড়িত। তাঁদের মধ্যে তিনজন রয়েছেন রাশিয়ায়। অন্যদের হিউস্টনের একটি আদালতে হাজির করার কথা। এপি ও বিবিসি।