মার্কিন ভিডিও গেমে কাস্ত্রোকে হত্যার চেষ্টা, কিউবার নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার কিংবদন্তি নেতা ফিদেল কাস্ত্রোকে হত্যাচেষ্টার ঘটনাকে উপজীব্য করে ভিডিও গেম নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে ভিডিও গেমটি ধুমধাম করে বাজারে ছাড়া হয়েছে। এতে দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী তরুণ ফিদেল কাস্ত্রোকে হত্যার চেষ্টা করছে। এ ঘটনায় নিন্দা জানিয়ে কিউবা বলেছে, বিনোদনের নামে তরুণ কাস্ত্রোকে হত্যার প্রচেষ্টাকে বৈধতা দেওয়ার পাঁয়তারা করছে যুক্তরাষ্ট্র।কল অব ডিউটি: ব্ল্যাক অপস নামের ওই ভিডিও গেমটি নির্মাণ করেছে ক্যালিফোর্নিয়া-ভিত্তিক একটি কোম্পানি। নির্মাতারা আশা করছেন, বিক্রির তালিকায় শীর্ষস্থান দখল করবে এই ভিডিও গেম।কিউবার সরকারি গণমাধ্যম কিউবাডিবেটের ওয়েবসাইটে বলা হয়েছে, বাস্তবে ব্যর্থ হয়ে এখন ভিডিও গেমের মাধ্যমে কাস্ত্রোকে হত্যার অপচেষ্টায় নেমেছে যুক্তরাষ্ট্র। এই ভিডিও গেম যুক্তরাষ্ট্রের শিশুদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে এবং তা সামাজিক ব্যাধির মতো ছড়িয়ে পড়বে। এই ভিডিও গেমের মাধ্যমে হত্যার মতো জঘন্য অপরাধ সংঘটনকে উৎসাহ দেওয়া হচ্ছে, যা নিন্দনীয়।কিউবার নাগরিক-দের মতে, সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোকে হত্যা করতে ছয় শতাধিক বার চেষ্টা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সদস্যরা। অবশ্য তাঁদের সব চেষ্টাই ভেস্তে গেছে। কিউবার বিপ্লবী নেতা কাস্ত্রো এখন ৮৪ বছরে পা দিয়েছেন। যদিও শারীরিক অসুস্থততার কারণে কয়েক বছর আগে দেশটির প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এর পরও এখনো কিউবার কমিউনিস্ট পার্টির প্রধানের দায়িত্বে আছেন ফিদেল কাস্ত্রো। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এখনো তাঁর কলম সচল। মাঝেমধ্যেই তার জানান দেন কাস্ত্রো। এএফপি ও বিবিসি অনলাইন।