মার্কিন মানবাধিকার কর্মীর নামে ইরানে সড়কের নামকরণ
যুক্তরাষ্ট্রের এক মানবাধিকারকর্মীর নামে ইরানের রাজধানী তেহরানের একটি সড়কের নাম রেখেছে তেহরানের পৌর কাউন্সিল। রেচেল অ্যালিয়েন কোরি নামের ওই মানবাধিকারকর্মী ২০০৩ সালে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হন। গত বৃহস্পতিবার দেশটিরহ্যামশাহরি পত্রিকার এক খবরে বলা হয়, ওয়াশিংটনের এ মানবাধিকারকর্মী ২০০৩ সালে ফিলিস্তিনিদের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। তখন ইসরায়েলি সেনারা বুলডোজার নিয়ে গাজায় হানা দিয়েছিল। রেচেলসহ অন্য মানবাধিকারকর্মীরা ওই বুলডোজার প্রতিরোধের চেষ্টা করেন। একপর্যায়ে ইসরায়েলি সেনারা রেচেলের ওপর বুলডোজার তুলে দেয়। গুঁড়িয়ে দেয় তাঁকে। রেচেলের এই আত্মদানকে স্মরণীয় করে রাখতে তাঁর নামে সড়কের নাম রাখল তেহরানের পৌর কাউন্সিল। ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর এটাই কোনো মার্কিন নাগরিকের নামে সড়কের নামকরণ করা হলো। অবশ্য ইসলামি বিপ্লবের আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের নামে তেহরানের তিনটি প্রধান সড়কের নাম রাখা হয়। এপি।