আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রয়াত নেতা আনোয়ার আল-আওলাকির একটি ভিডিওচিত্র গত মঙ্গলবার ইসলামি ওয়েবসাইটগুলোতে প্রকাশিত হয়েছে। এতে তিনি মার্কিন মুসলিম তরুণদের মধ্যপ্রাচ্যের ইসলামি জঙ্গি সংগঠনগুলোতে যোগ দেওয়ার আহ্বান জানান। আওলাকি গত সেপ্টেম্বর মাসে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর চালকবিহীন বিমান হামলায় নিহত হন। ভিডিওচিত্রে আওলাকি মার্কিন তরুণদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সামনে দুটি পথ খোলা রয়েছে: হয় হিজরত (অভিবাসন) অথবা জিহাদ (পবিত্র যুদ্ধ) করুন।’ তিনি আরও বলেন, ‘আমি বিশেষত তরুণদের পশ্চিমে থেকেই লড়াই চালিয়ে যেতে বা আফগানিস্তান, ইরাক ও সোমালিয়ায় তাদের ভাইদের সঙ্গে জিহাদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।’ ইংরেজি ভাষায় দেওয়া এ ভাষণে আল-কায়দার নেতা তরুণদের ইয়েমেনে নতুন জঙ্গি সংগঠনে যোগ দিতেও আমন্ত্রণ জানান। ভিডিওটিতে মার্কিন জনগণের প্রতি ২০১০ সালের মার্চে দেওয়া আওলাকির একটি বার্তাও সংযুক্ত রয়েছে। তবে জঙ্গিদের বিভিন্ন সময়ে দেওয়া বিবৃতি পর্যলোচনাকারী সাইট পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, ভিডিওটিতে বার্তাটি পাওয়া যায়নি। রয়টার্স।