মার্কিন যুক্তরাষ্ট্রে দারিদ্র্যের হার অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দা দূর হলেও পরিবারপ্রতি বার্ষিক আয় বাড়েনি; বরং গত বছরও দেশটির দারিদ্র্যের হার অপরিবর্তিত ছিল।

মার্কিন পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্যে বলা হয়েছে, দেশটির প্রায় ১৫ শতাংশ পরিবার দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। পরিবারপ্রতি আয়, বেকারত্ব, দারিদ্র্য-বিষয়ক এসব তথ্য গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়।

মন্দা কাটিয়ে ২০০৯ সাল থেকে মার্কিন অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। গত বছর দেশটিতে ২০ লাখেরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান ও করপোরেশনগুলোর মুনাফা বেড়েছে আকাশচুম্বী। এর পরও দারিদ্র্যের হার কমেনি।

২০১২ সালে যুক্তরাষ্ট্রের ১৫ শতাংশ পরিবারের আয় ছিল দারিদ্র্যসীমার নিচে। ২০০৭ সালে অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার আগে দারিদ্র্যসীমার এই হার ছিল আড়াই শতাংশ কম।

গত এক যুগে যুক্তরাষ্ট্রের দারিদ্র্যের হার হ্রাস পায়নি। কোনো কোনো বছর বৃদ্ধি পেয়েছে; ক্ষেত্রবিশেষে অপরিবর্তিত থাকছে। অর্থনৈতিক অবস্থার অবনতি না ঘটলেও মার্কিন পরিবারগুলোর আয় বৃদ্ধি ঘটেনি। অর্থনৈতিক বিশ্লেষকেরা বলছেন, একটি সীমারেখার মধ্যে ঘুরপাক খাওয়ার তথ্যটি মোটেই সুখকর নয়।