মার্কিন রণতরীকে পারস্য উপসাগর থেকে দূরে থাকতে বলেছে ইরান
মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজকে পারস্য উপসাগরে ফিরে আসার ব্যাপারে সতর্ক করে দিয়েছে ইরান। একই সঙ্গে ইরান জানিয়েছে, তারা এই সতর্কবাণী পুনর্ব্যক্ত করবে না। একবারের বেশি সতর্কবাণী করার স্বভাব তাদের নেই।ইরানের সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আতাউল্লাহ সালেহ সংবাদ সংস্থা আইআরএনএকে বলেন, ‘ইরান এ সতর্কবাণী পুনর্ব্যক্ত করবে না। সামরিক মহড়ার কারণে আমাদের শত্রুর বিমানবাহী জাহাজ পারস্য উপসাগর থেকে ওমান সাগরে চলে যায়। ওই জাহাজ পারস্য উপসাগরে আর ফিরে না আসার পরামর্শ দিচ্ছি আমি। কারণ, আমাদের বারবার সতর্ক করে দেওয়ার অভ্যাস নেই।’তবে সালেহ যুক্তরাষ্ট্রের বিমানবাহী ওই জাহাজের নাম বলেননি। এ সতর্কবাণী উপেক্ষা করলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে সম্পর্কেও তিনি বিস্তারিত কিছু বলেননি। হরমুজ প্রণালিতে গত ২৪ ডিসেম্বর থেকে ইরানের নৌবাহিনীর সামরিক মহড়া শুরু হয়। ১০ দিনব্যাপী চলা ওই মহড়া গত সোমবার শেষ হয়। মহড়ার শেষ দুই দিনে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। ওই প্রণালি বন্ধে নতুন কৌশলের অংশ হিসেবে এ মহড়া চালানো হয় বলে ইরান জানায়। তবে হরমুজ প্রণালিতে পশ্চিমা তেলবাহী জাহাজ চলাচলের পথ বন্ধ করে দেওয়ার হুমকি থেকে সরে এসেছে ইরান। নৌবাহিনীর মহড়ার শেষভাগে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই এমন বক্তব্য দেয় ইরান। গত সোমবার হরমুজ প্রণালির কাছে ইরান সফলভাবে তিনটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।এদিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাজ অব্যাহত রেখেছে উল্লেখ করে গতকাল মঙ্গলবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আলা জুপ্পে দেশটির ওপর আরও কঠোর অবরোধের আহ্বান জানিয়েছেন। দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাজ অব্যাহত রেখেছে। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এ কারণে ফ্রান্স চায় দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করা হোক।’ অপরদিকে রাশিয়া বলেছে, ইরানের কাছে কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নেই। হরমুজ প্রণালিতে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর মস্কো এই প্রথম কোনো প্রতিক্রিয়া দিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভাদিম কোভাল সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, ইরানের কাছে মাঝারিপাল্লা বা দূরপাল্লার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করার প্রযুক্তি নেই। ইরান শিগগিরই এই ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না। সম্প্রতি পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে অবরোধের আওতা বাড়ানো হলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেয় ইরান। এএফপি, বিবিসি, রয়টার্স।