মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবিতে সরকারি যোগাযোগের কাজে ব্যবহূত উচ্চ নিরাপত্তাসম্পন্ন একটি ফোনসেট হাতে অ্যাঙ্গেলা মেরকেল
ফাইল ছবিতে সরকারি যোগাযোগের কাজে ব্যবহূত উচ্চ নিরাপত্তাসম্পন্ন একটি ফোনসেট হাতে অ্যাঙ্গেলা মেরকেল

জার্মানিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মুঠোফোনে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) নজরদারির অভিযোগের বিষয়ে জানতে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রদূত এমারসনকে তলব করা হয়।
জার্মান সাময়িকীডের স্পিগেল গত বুধবার এক প্রতিবেদনে জানায়, এনএসএ মেরকেলের মুঠোফোনে নজরদারি করেছে। এই খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জার্মান সরকার। ওই দিনই মেরকেল সরাসরি টেলিফোন করে এ বিষয়ে অভিযোগ জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, চ্যান্সেলর মেরকেলের মুঠোফোনে নজরদারির ঘটনা জানতেই মার্কিন রাষ্ট্রদূত জন বি এমারসনকে তলব করা হয়েছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেলে সরাসরি এমারসনের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। সেখানে জার্মান সরকারের অবস্থান খুব স্পষ্টভাবে তুলে ধরা হবে।
মেরকেল বুধবার ওবামাকে ফোন করে এনএসএর নজরদারির অভিযোগ তুলে ধরে বলেন, নজরদারির বিষয়টি সত্যি হলে তা হবে ‘পারস্পরিক আস্থা ভঙ্গের সাংঘাতিক ঘটনা’। এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা চ্যান্সেলর মেরকেলকে আশ্বস্ত করেছেন যে তাঁর মুঠোফোনে নজরদারি হচ্ছে না এবং ভবিষ্যতেও হবে না।’ ওবামার ওই কথার পরও গতকাল মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়।
জার্মান সরকারের মুখপাত্র স্টেফান সাইবার্ট বলেন, মেরকেলের মুঠোফোনে কয়েক বছর ধরে আড়িপাতার ঘটনার প্রমাণ মিলেছে। এএফপি ও রয়টার্স।