মার্কিন সিক্রেট সার্ভিসের নতুন বিধিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ায় যৌন কেলেঙ্কারির ঘটনার দুই সপ্তাহের মধ্যে মার্কিন সিক্রেট সার্ভিস সদস্যদের জন্য নতুন নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া সদস্যদের নৈতিক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।নতুন বিধিমালার আওতায় সিক্রেট সার্ভিসের সদস্যরা (এজেন্ট) বিদেশে আনুষ্ঠানিক দায়িত্ব পালনের সময় মদ পান করতে পারবেন না। অবশ্য কেউ চাইলে আনুষ্ঠানিক দায়িত্ব পালনের ১০ ঘণ্টা আগে মদ পান করতে পারবেন। তবে দায়িত্ব পালনের বাইরে সীমিত পর্যায়ে মদ পানের অনুমতি থাকবে।যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থানকালে সম্মানজনক নয় এমন কোনো স্থানে সিক্রেট সার্ভিস সদস্যদের যাতায়াতের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হোটেল কক্ষে কোনো বিদেশিকে আমন্ত্রণ জানাতে পারবেন না সদস্যরা। তবে হোটেলের সেবাদানকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।সম্প্রতি কলম্বিয়ায় ‘সামিট অব দ্য আমেরিকাস’ সম্মেলনে প্রেসিডেন্ট বারাক ওবামার সফরসঙ্গী অগ্রবর্তী নিরাপত্তা দলের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ওঠে। অভিযুক্তদের মধ্যে সিক্রেট সার্ভিস সদস্যের পাশাপাশি সেনাসদস্যও রয়েছেন। ওই ঘটনায় ইতিমধ্যে সিক্রেট সার্ভিসের কয়েকজন সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যৌন কেলেঙ্কারির ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এর জের ধরেই সদস্যদের জন্য নতুন আচরণবিধি প্রণয়ন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।সংস্থাটি নতুন আরোপিত বিধিনিষেধকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়দায়িত্ব ও আচরণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের পরিমার্জন বা সংশোধন বলে আখ্যায়িত করেছে। সিক্রেট সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে সংস্থার কর্মীদের দেশের বাইরে পাঠানোর আগে তাঁদের সেখানকার গন্তব্যস্থলগুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে। ‘প্রবেশ নিষিদ্ধ অঞ্চল ও প্রবেশ নিষিদ্ধ স্থাপনা’ সম্পর্কিত নির্দেশনা এতে অন্তর্ভুক্ত থাকবে।এদিকে সিক্রেট সার্ভিসের পরিচালক মার্ক সুলিভান সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘গত কয়েক সপ্তাহে সংঘটিত ঘটনার আলোকে আপনারা নিজেদের আচরণ বিবেচনা করুন।’