মার্কিন সিনেটে ইরানের বিরুদ্ধে নতুন অবরোধ অনুমোদন
ইরানের বিরুদ্ধে নতুন কয়েকটি অর্থনৈতিক অবরোধ আরোপ করা বিলের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। তেহরানকে পরামাণু কর্মসূচি থেকে বিরত রাখার উদ্দেশ্যে গতকাল সোমবার এই বিলের অনুমোদন দেওয়া হয়।ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে আজ বুধবার অনুষ্ঠেয় বৈঠকের প্রাক্কালে এই বিলের অনুমোদন দেওয়া হলো।গত ডিসেম্বরে মার্কিন প্রতিনিধি পরিষদে এই বিলের খসড়া অনুমোদন করা হয়। এখন সিনেট ও প্রতিনিধি পরিষদ খসড়ার সঙ্গে এই বিলের মতবিরোধের বিষয়টি পর্যালোচনা করছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিলটিতে সই করলে এটি আইনে পরিণত হবে। এই বিলের আওতায় ইরানকে যৌথভাবে তেল উৎপাদন ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, প্রযুক্তি সরবরাহ বা সম্পদ উন্নয়নের মতো ক্ষেত্রে সহায়তা প্রদানকারী দেশ বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেকোনো ধরনের অবরোধ আরোপ করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে বিলের আওতায় ‘গণবিধ্বংসী অস্ত্র (ডব্লিউএমডি) তৈরিতে সহায়তা করতে পারে’ ইরানে এ ধরনের মালামাল সরবরাহকারী যে কারও বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।পশ্চিমা শক্তিগুলোর অভিযোগ, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির নামের আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে তেহরান বলছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরমাণু কর্মসূচি চালাচ্ছে।ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপের বিলের প্রধান পরিকল্পনাকারী ডেমোক্রেটিক সিনেটর রবার্ট মেনেডেজ বলেন, ‘হোয়াইট হাউস ও কংগ্রেস উভয়েই ইরানকে পরমাণু শক্তি অর্জন করা থেকে বিরত রাখার অঙ্গীকার করেছে।’ তিনি বলেন, ইরানকে বাগদাদ সম্মেলনে পরমাণু কর্মসূচি বন্ধের পরিকল্পনা নিয়ে আসতে হবে; অন্যথায় আমরা ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপ বা অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাসহ নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করব।সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বলেন, ‘ইরানের বিরুদ্ধে আমাদের অবরোধ জোরদার করতে সিনেট কঠোর পরিশ্রম করেছে এবং তেহরানের ওপর দেওয়া ইউরোপীয় ইউনিয়নের অবরোধের পাশাপাশি এই বিল আমাদের আলোচকদের হাতকে আরও শক্তিশালী করবে।’এই বিলের আওতায় ইরানের জাতীয় ও বেসরকারি তেল উৎপাদকারী প্রতিষ্ঠান, দেশটির অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ডসকে (আইআরজিসি) লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে বিশ্বের যেসব স্থানে তেহরান সরকারের যৌথ অংশীদারি বা বিনিয়োগ রয়েছে, সেসব স্থানে ইরানের জ্বালানি খাতকে প্রথমবারের মতো বিস্তৃত অবরোধের লক্ষ্যবস্তু করা হয়েছে। এএফপি ও রয়টার্স।