মার্কিন সামরিক বাহিনীর অধীনে কর্মরত চিকিৎসক ও নার্সরা বিভিন্ন কারাগারে বন্দী সন্দেহভাজন সন্ত্রাসীদের নির্যাতনে জড়িত রয়েছেন। যুক্তরাষ্ট্রে গতকাল সোমবার প্রকাশিত একটি নিরপেক্ষ প্রতিবেদনে এ অভিযোগ করা হয়।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এসব নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে।
ইনস্টিটিউট অব মেডিসিন এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের বিশেষজ্ঞরা দুই বছরের গবেষণা শেষে ওই প্রতিবেদন প্রকাশ করেন। এতে বলা হয়, ‘নিষ্ঠুর ও অমানবিক নির্যাতনের পরিকল্পনা ও বাস্তবায়নে পেশাদার চিকিৎসক ও নার্সরা সহায়তা করছেন।’
গবেষণা প্রতিবেদনটি রচয়িতাদের একজন এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিদ্যা বিভাগের ইমেরিটাস অধ্যাপক জেরাল্ড টমসন বলেন, ‘চিকিৎসকদের সামরিক বাহিনীর সহযোগীতে পরিণত হওয়ার ব্যাপারটি নৈতিকতা ও পেশাগত শপথের পরিপন্থী।’
তবে সিআইএর জনসংযোগ বিভাগের প্রধান ডিন বয়েড বলেছেন, প্রতিবেদনটি গুরুতর অসত্য তথ্যের সমন্বয়ে তৈরি। তা ছাড়া এতে ভুল উপসংহার টানা হয়েছে। সিআইএর হেফাজতে কাউকে আটক রাখা হয়নি। প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে এক নির্বাহী আদেশে সিআইএর অধীনে কাউকে আটক রেখে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা বাতিল করে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর বিশ্বব্যাপী চালানো অভিযানে আটক অনেককে আফগানিস্তান, ইরাক, কিউবার গুয়ানতানামো বে এবং সিআইএর বিভিন্ন গোপন কারাগারে বন্দী রাখা হয়। সেখানে বিভিন্ন সময় বন্দীদের ওপর নানা বিতর্কিত পন্থায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এএফপি ও বিবিসি।