মার্কিন সেনা নিদাল হাসানের মৃত্যুদণ্ডই হলো
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাবেক মনোরোগ চিকিৎসক মেজর নিদাল হাসানকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সামরিক আদালত গত বুধবার নিদালের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। আদালত বিষাক্ত ইনজেকশন দিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন।
২০০৯ সালে টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে গুলি করে হত্যা করেন নিদাল (৪২)। এ সময় আরও ৩২ সেনা আহত হন। নিদালের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ১৩টি হত্যাকাণ্ড ঘটানো এবং ৩২টি হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণিত হয়েছে।
১৩ সদস্যের বিচারকের প্যানেল সর্বসম্মতিক্রমে নিদালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশের সিদ্ধান্ত নেন। তাঁদের যে কেউ ভেটো দিলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হতো।
নিদালের মৃত্যুদণ্ড কার্যকর করতে কয়েক বছর এমনকি কয়েক দশক সময় লাগতে পারে। কারণ, মার্কিন সামরিক আদালতে আপিল-প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ ও সময়সাপেক্ষ।
সামরিক আদালত নিদালের বিরুদ্ধে রায় ঘোষণার আগে গত মঙ্গলবার তাঁকে আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ দেন। কিন্তু আদালতে পুরোপুরি নিশ্চুপ থাকেন তিনি। তবে বুধবার তিনি আদালতে শুধু বলেন, ‘আমার কোনো শেষ বিবৃতি নেই।’
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় জন্ম নেওয়া মুসলিম সেনা নিদাল এর আগে আদালতে বলেছিলেন, আফগানিস্তান, ইরাক ও ফিলিস্তিনে মুসলিমদের রক্ষা করতেই তিনি মার্কিন সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। বিবিসি।