মার্কিন সেনাদের বিচারের মুখোমুখি হতে হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাটো বিমান হামলায় গত বছরের নভেম্বরে পাকিস্তানের ২৪ জন সেনা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কোনো সদস্যকেই বিচারের মুখোমুখি হতে হবে না। গত শনিবার নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। গত বছরের শেষের দিকে ঘটনাটির তদন্ত শেষে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছিল, গুলিবিনিময়ের জন্য মার্কিন এবং পাকিস্তান উভয় দেশের সেনারাই দায়ী।পেন্টাগন জানায়, পাকিস্তানি সেনারাই প্রথম গুলি চালায়। তারা মিত্রবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ছে—মার্কিন বাহিনী বিষয়টি পাকিস্তানি সেনাদের জানানোর পরও তারা গুলি ছোড়া বন্ধ করেনি।তবে পেন্টাগনের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছিল পাকিস্তান। এরপর মার্কিন সামরিক বাহিনী আবারও ঘটনাটির তদন্ত করে। দ্বিতীয় দফার তদন্তেও মার্কিন সেনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মতো কোনো অপরাধ খুঁজে পাওয়া যায়নি।সর্বশেষ তদন্ত প্রতিবেদন সম্পর্কে নাম প্রকাশ না করার শর্তে তিনজন সামরিক কর্মকর্তা নিউইয়র্ক টাইমস-এর সঙ্গে কথা বলেন। একজন সামরিক কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্তের পর কোনো সদস্যের বিরুদ্ধে ইচ্ছাকৃত অপরাধ সংঘটনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মার্কিন সেনারা আত্মরক্ষার জন্য গুলি ছুড়েছিল। এএফপি।