মার্কিন স্বার্থের জন্য এশিয়া অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন ডিসিতে পিউ রিসার্চ সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিচালিত দেশব্যাপী জরিপের ফলাফলে এ কথা বলা হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেক এশিয়া অঞ্চলের কথা বললেও ৩৭ শতাংশ বলেছে ইউরোপের কথা। পিউ রিসার্চ সেন্টারের প্রেসিডেন্ট আঁদ্রে কোহুত বলেন, গত শতাব্দীর নব্বইয়ের দশকেও মার্কিনরা তাঁদের জন্য এশিয়ার চেয়ে ইউরোপকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। কিন্তু ইউরোপের সেই অবস্থান আর নেই।জরিপে অংশগ্রহণকারী মার্কিনদের কাছে বিভিন্ন দেশের খবরের প্রতি আগ্রহের কথা জানতে চেয়ে প্রশ্ন করা হয়েছিল। তাঁদের ৩৪ শতাংশ চীনের কথা জানান। খুব অল্পসংখ্যক মানুষ ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের খবরের প্রতি আগ্রহের কথা জানিয়েছেন। চলতি মাসের ৫ থেকে ৯ তারিখ পর্যন্ত দেড় হাজারের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গে কথা বলে জরিপ প্রতিবেদনটি তৈরি করে পিউ রিসার্চ সেন্টার। এতে দেখা যায়, ৫৮ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক জোরদার হওয়া উচিত বলে মনে করেন। মার্কিনরা যেখানে চীনকে উদীয়মান শক্তি হিসেবে বিবেচনা করে, সেখানে ৪৩ শতাংশই দেশটিকে সমস্যা হিসেবে দেখছে। তবে ২৭ শতাংশ, বিশেষত তরুণেরা বলেছে, চীন কোনো সমস্যা নয়। ডেইলি মেইল।