মার্কিন হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যকে ছারখার করে দেবে: সিরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তাঁর মন্ত্রীদের নিয়ে দামেস্কে সভা করছেন। ছবি: সানার সৌজন্যে রয়টার্স
সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তাঁর মন্ত্রীদের নিয়ে দামেস্কে সভা করছেন। ছবি: সানার সৌজন্যে রয়টার্স

সিরিয়া আজ রোববার বলেছে, যুক্তরাষ্ট্র যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার ইস্যুকে কেন্দ্র করে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করে, তবে তা এত বড় আগুন তৈরি করবে, যা পুরো মধ্যপ্রাচ্যকে ছারখার করে দেবে। রয়টার্স জানায়, সিরিয়ার সাম্প্রতিক ঘটনায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সিরিয়া আজ এ ঘোষণা দেয়।

এদিকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্র ইরান আজ ওয়াশিংটনকে বাড়াবাড়ি না করতে হুঁশিয়ার করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারক ওবামা গতকাল শনিবার তাঁর শীর্ষ সামরিক ও জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টাদের সঙ্গে সিরিয়া ইস্যু নিয়ে বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মধ্যপ্রাচ্যে তার মোতায়েন করা সেনাদের পুনর্বিন্যাস করেছে। বাহিনীটি জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশ পাওয়ামাত্র হামলা চালানোর জন্য প্রস্তুত সেনারা।

সিরিয়ার হুমকি

সিরিয়া আজ বলেছে, দেশটিতে হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘বনভোজন’ হবে না। সিরিয়ার তথ্যমন্ত্রী ওমর জোবাইকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় টেলিভিশন সানা বলছে, ‘সিরিয়াতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এক বিরাট বিচ্যুতি ডেকে আনবে এবং সৃষ্টি করবে এক অগ্নিগোলক, যা মধ্যপ্রাচ্যকে ছারখার করে দেবে।’

আল নুসরা ফ্রন্ট

ওবামা গত জুন মাসে সিরীয় বিদ্রোহীদের জন্য অস্ত্র সরবরাহের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেসব অস্ত্র ইসলামি সংগঠনগুলোর হস্তগত হতে পারে, এটা ভেবে কয়েক মাস দেরি করা হয়েছে। ওবামা প্রশাসন আশঙ্কা করছিল, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়ছে এমন ইসলামি সংগঠনগুলো ওই সব অস্ত্র পেয়ে পুষ্ট হলে পরে যুক্তরাষ্ট্রের জন্যই হুমকি হয়ে দাঁড়াতে পারে।

এদিকে আল-কায়েদার অঙ্গসংগঠন আল নুসরা ফ্রন্ট ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে আজ বলেছে, আসাদের অনুগত বাহিনীর ওপর তারা রকেট ও গোলা নিয়ে হামলা করবে। ওই ভিডিওতে নুসরার নেতা আবু মুহাম্মদ আল গুলানি বলেন, ‘দামেস্কে আমাদের লোকেদের ওপরে যে রাসায়নিক হামলা হয়েছে, তার জবাবে ওদের (আসাদের লোকেদের) কমপক্ষে একটি গ্রামের মানুষকে উত্সর্গ করে ঋণ শুধতে হবে।’

ইরান

ইরান আজ বলেছে, সিরিয়াতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ‘ভয়াবহ পরিণতি’ ডেকে আনবে। ইরানের বেসরকারি সংবাদ সংস্থা ফার্সের এক সংবাদে দেশটির সেনাবাহিনীর উপপ্রধান মাসুদ যাজায়েরিকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আমেরিকা ভালোভাবেই সিরিয়ার যুদ্ধক্ষেত্রের সীমানা (রেড লাইন) চেনে। এ সীমানা অতিক্রম করলে হোয়াইট হাউজকে চরম মূল্য দিতে হবে।’

ইসরায়েল

আজ রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দামেস্কের উপশহরে রাসায়নিক বোমা হামলার ঘটনাকে ‘ভয়াবহ অন্যায়’ হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু প্রতিবেশী দেশে উত্তেজনার বাড়লে দেশেও অশান্তি ছড়িয়ে পড়তে পারে, এ ভয়ে সম্ভবত তিনি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে সরাসরি স্বাগত জানাননি।