মার্কিন হামলার জন্য কংগ্রেসের অনুমতি লাগবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুব শিগগির সিরিয়ায় সামরিক হামলা হতে পারে।
খুব শিগগির সিরিয়ায় সামরিক হামলা হতে পারে।

সিরিয়ায় বিমান হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে কংগ্রেসের কাছে অনুমতি নিতে হবে না। তবে আইনপ্রণেতাদের জানাতে হবে যে, তিনি সিরিয়ায় হামলা করতে যাচ্ছেন। আর এই জানানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরুও হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ায় সম্ভাব্য হামলার ব্যাপারে কংগ্রেসকে অবহিত করা প্রসঙ্গে বলেন, ‘প্রশাসন কংগ্রেস সদস্যদের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছে। সামনের দিনগুলোতেও আমরা এই আলোচনা চালিয়ে যাব।’ মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান নেতা জন বোয়েনার বলেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতি ও মার্কিন সম্ভাব্য জবাবের ব্যাপারে হোয়াইট হাউসের সঙ্গে প্রাথমিক যোগাযোগ হয়েছে। স্পিকারের মুখপাত্র ব্রেন্ডান বাক বলেন, স্পিকার ইতিমধ্যে এটি স্পষ্ট করেছেন যে কোনো ধরনের হামলার আগে কংগ্রেস সদস্যদের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা করতে হবে হোয়াইট হাউসকে। একই সঙ্গে হামলার উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং স্থিতিশীলতা অর্জনের জন্য বিস্তৃত কৌশল প্রণয়ন করতে হবে।
সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মার্কিন আইনপ্রণেতাদের পক্ষ থেকে প্রেসিডেন্ট ওবামার প্রতি আহ্বানও জানানো হয়েছে।
ভিয়েতনাম যুদ্ধের পর ১৯৭৩ সালে মার্কিন কংগ্রেসে ওয়ার পাওয়ারস রেজ্যুলেশন নামের একটি আইন পাস হয়। তাতে বলা হয়, বিদেশে সেনা মোতায়েনের জন্য প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমতি নিতে হবে। ৬০ দিনের বেশি সেনা মোতায়েন রাখতে হলে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি নিতে বাধ্য। ওই সময় ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এর বিরোধিতা করেন। তার পরও ওই আইন পাস হয়।
তবে বাস্তবতা হলো, নিক্সনের মতো তাঁর উত্তরসূরি সব মার্কিন প্রেসিডেন্টই ওই আইনকে অসাংবিধানিক বলে উড়িয়ে দিয়েছেন। যুদ্ধে মার্কিন প্রেসিডেন্টরা কংগ্রেসের অনুমতি নেওয়ার বিষয়টি এড়িয়ে গেছেন। শুধু কংগ্রেসকে বিষয়টি সম্পর্কে জানিয়েই দায়িত্ব সেরেছেন।
২০১১ সালের মার্চে প্রেসিডেন্ট ওবামা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ওপর ভিত্তি করেই লিবিয়ায় কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিমান অভিযান চালান। ওই সময় মার্কিন প্রশাসন দাবি করে, ওই হামলার বিষয়টি ১৯৭৩ সালের আইনে যেসব অভিযানের কথা বলা হয়েছে, তার মধ্যে পড়ে না।
রিপাবলিকান নেতা প্রতিনিধি পরিষদের সদস্য ও প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির প্রধান হাওয়ার্ড ম্যাককেওন বলেন, ওবামা প্রশাসন যে সিদ্ধান্তই নিক না কেন, তাতে অবশ্যই কংগ্রেসকে যুক্ত করতে হবে। তবে মার্কিন সিনেটের পররাষ্ট্রনীতি-বিষয়ক কমিটির প্রধান ও রিপাবলিকান নেতা বব কোর্কার বলেন, ‘সিরিয়ায় হামলা চালাতে হোয়াইট হাউসকে কংগ্রেসের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। তবে আশা করি, তারা আমাদের কাছে আসবে।’ এএফপি ও রয়টার্স।