মার্কিন 'ব্ল্যাকমেল' আর সহ্য করবে না রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেন সংকটে রাশিয়ার ভূমিকার জন্য মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে মস্কো এর নিন্দা জানিয়ে বলেছে, তারা মার্কিন ‘ব্ল্যাকমেল’ আর সহ্য করবে না।খবর এএফপি ও বিবিসির।
যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার গাজপ্রম ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাংক এবং বৃহত্তম তেল কোম্পানি রোজনেফট ও ওএ নোভাটেকসহ জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে। নতুন দফা নিষেধাজ্ঞার বিষয়টি মার্কিন অর্থ মন্ত্রণালয় গত বুধবার ঘোষণা করে। ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাষ্ট্র এর আগে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেগুলো রাশিয়া ও ইউক্রেনের কিছু ব্যক্তিবিশেষ ও গুটি কয়েক প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল।তবে নতুন নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যাংক ও জ্বালানি খাতের পাশাপাশি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান কালাশনিকভ কনসার্নকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে ইইউর নেতারা বেলজিয়ামের ব্রাসেলসে বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ব্যাপারে একমত হন। বৈঠকের পর ইইউ জানায়, তাদের ব্যাংকগুলো রাশিয়ার প্রকল্পগুলোতে আর কোনো অর্থায়ন করবে না। এ ছাড়া, আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলো চলতি মাসের শেষে বিস্তারিতভাবে প্রকাশ করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে নতুন নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ইউক্রেন সংকট নিরসনে রাশিয়া তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন নিষেধাজ্ঞার ফলে রুশ-মার্কিন সম্পর্ক শেষ হতে চলেছে বলে মন্তব্য করেছেন। বর্তমানে ব্রাজিল সফররত পুতিন সাংবাদিকদের বলেন, ‘নিষেধাজ্ঞার পরিণতি বুমেরাং হয়। সন্দেহাতীতভাবেই এ পদক্ষেপের পর রুশ-মার্কিন সম্পর্ক কানাগলিতে প্রবেশ করবে এবং তা মারাত্মক ক্ষতির কারণ হবে।’
আর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আর ব্ল্যাকমেল সহ্য করব না। পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের রয়েছে।’ এতে আরও বলা হয়, ‘আমরা অনেকবার বলেছি, রাশিয়ার সঙ্গে নিষেধাজ্ঞার ভাষায় কথা বলা—তা সে যে মানদণ্ডেই হোক—অকার্যকর হবে... নিষেধাজ্ঞা আমাদের সক্ষমতার ওপরে কোনো প্রভাব ফেলতে পারবে না।’
ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ গত বছরের নভেম্বরে রাশিয়ার চাপে ইইউর সঙ্গে একটি চুক্তি করা থেকে পিছু হটলে দেশে বিক্ষোভ শুরু হয়। গণবিক্ষোভের মুখে গত ফেব্রুয়ারিতে দেশ ছেড়ে তিনি রাশিয়ায় চলে যান। এরপর ইউক্রেনের স্বায়ত্তশাসিত এলাকা ক্রিমিয়াসহ রুশ ভাষাভাষী বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়। গত মার্চে ক্রিমিয়ায় গণভোটের পর এলাকাটিকে নিজেদের অংশ করে নেয় রাশিয়া। এরপর যুক্তরাষ্ট্র ও ইইউসহ পশ্চিমারা মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করে।