মার্কেসের শেষ ঠিকানা এখনো ঠিক হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দরজায় আর এভাবে দেখা যাবে না গার্সিয়া মার্কেসকে
দরজায় আর এভাবে দেখা যাবে না গার্সিয়া মার্কেসকে

বিশ্বনন্দিত কলম্বিয়ার নোবেলজয়ী সাহিত্যিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের শেষ ঠিকানা কোথায় হবে, তা এখনো ঠিক হয়নি। জীবনের শেষ কয়েক দশক কাটানো মেক্সিকোতে অথবা স্বদেশ কলম্বিয়ায় সমাহিত করা হতে পারে সাহিত্যের এই মহানায়ককে। উভয় দেশও হতে পারে তাঁর শেষ ঠিকানা।
মেক্সিকোতে কলম্বিয়ার রাষ্ট্রদূত হোসে গাব্রিয়েল অরতিস বলেন, এটা নির্ভর করছে মার্কেসের পরিবারের সিদ্ধান্তের ওপর। তবে তাঁর পরিবার এখনো কিছু জানায়নি। রাষ্ট্রদূত জানান, মার্কেসকে কলম্বিয়ায় সমাহিত করতে চান প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস। সে ক্ষেত্রে তাঁর দেহাবশেষ মেক্সিকো ও কলম্বিয়া ভাগাভাগি করেও নিতে পারে।
প্রেসিডেন্ট সান্তোস উল্লেখ করেন, যদিও মার্কেস তাঁর অনেক উপন্যাস মেক্সিকোতে বসে লিখেছেন, তবু তিনি কলম্বিয়ার মানুষ। তিনি নিজেকে সব সময় কলম্বিয়ার মানুষ হিসেবে পরিচয় দিতেন।
সান্তোস গত শনিবার খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে এক বার্তায় বলেছেন, তিনি মেক্সিকো সিটিতে মার্কেসের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। গতকাল সোমবার ওই স্মরণ অনুষ্ঠান হয়। মার্কেসকে ‘সর্বশ্রেষ্ঠ কলম্বিয়ান’ হিসেবে মনে করেন সান্তোস।
এদিকে মার্কেসকে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাবে কলম্বিয়া। অবশ্য, ওই অনুষ্ঠানে মার্কেসের পরিবারের সদস্যরা অংশ নেবেন কি না, তা স্পষ্ট নয়। বিবিসি ও এপি।