মার্গারেট থ্যাচারের শেষকৃত্য ১৭ এপ্রিল
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘লৌহমানবী’ মার্গারেট থ্যাচারের শেষকৃত্য হবে ১৭ এপ্রিল বুধবার। গতকাল মঙ্গলবার ডাউনিং স্ট্রিট (প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারি বাসভবন) থেকে এক ঘোষণায় এ কথা বলা হয়। থ্যাচার ৮৭ বছর বয়সে গত সোমবার মস্তিষ্কের রক্তক্ষরণে (স্ট্রোক) মারা যান। ব্রিটেনের প্রথম ও একমাত্র এই নারী প্রধানমন্ত্রীর মরদেহ গতকাল ভোরে লন্ডনের বিলাসবহুল রিজ হোটেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার ভোর ছয়টা ২০ মিনিট) একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে থ্যাচারের মরদেহ ওই হোটেল থেকে সরিয়ে নেওয়া হয়। থ্যাচার তাঁর জীবনের শেষ দিনগুলো এ হোটেলেই কাটান।মার্গারেট থ্যাচারকে সামরিক মর্যাদায় সমাহিত করার প্রস্তুতি চলছে। লন্ডনের সেন্ট পল ক্যাথেড্রালে ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।থ্যাচারকে সমাহিত করা নিয়ে আলোচনার লক্ষ্যে আজ বুধবার ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন আহ্বান করা হয়েছে। রক্ষণশীল দলের নেতা থ্যাচারের মুখপাত্র লর্ড টিম বেল আশঙ্কা ব্যক্ত করে বলেন, ব্রিটিশ রাজা-রানি বা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিলকে যেভাবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছিল, থ্যাচারকে সেভাবে সমাহিত না-ও করা হতে পারে।টিম বেল বলেন, মৃত্যুর আগে থ্যাচার অনুরোধ করে গেছেন, তাঁকে সম্মান প্রদর্শনার্থে যেন সামরিক বিমানের মহড়া না চালানো হয়। তিনি মনে করেন, এতে শুধুই ‘অর্থের অপচয়’ হবে। এএফপি।