মার্জিত চাকরি ছাড়া নারীর ক্ষমতায়ন অর্থবহ হবে না
নারীর মজুরিবিহীন কাজকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না। এটা নারীর আরও ভালো মজুরি পাওয়ার পথকে রুদ্ধ করে। এ জন্য মার্জিত চাকরি ছাড়া নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন সামান্যই ফল বয়ে আনবে। অর্থনৈতিক ক্ষমতায়ন-সংক্রান্ত আন্তর্জাতিক একটি প্যানেলকে এই মর্মে সতর্ক করেছেন সুশীল সমাজের কর্মীরা। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার কোনো কাজে আসবে না, যদি তাদের (নারী) মার্জিত চাকরি পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান কাঠামোগত বাধা দূর করা না হয়।
জাতিসংঘ (ইউএন ওমেন), বিশ্ব ব্যাংক, আইএমএফ ও আইএলও সমর্থিত উচ্চপর্যায়ের ওই প্যানেল একটি কর্মপরিকল্পনা তৈরি করছে। এর লক্ষ্য আগামী ১৫ বছরের মধ্যে নারীর অর্থনৈতিক সুযোগের উন্নতি ঘটানো।
জানুয়ারিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সময় ওই প্যানেল যাত্রা শুরু করে। গত বুধবার প্যানেল তাদের প্রথম পরামর্শমূলক বৈঠক করে। বৈঠকে ব্যবসায়ী নেতা, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রচারকর্মীরা বলছেন, প্যানেল আলোচকদের কাছ থেকে নারীর মজুরিবিহীন কাজ, শোষণমূলক চুক্তি, বিপজ্জনক কর্মপরিবেশ প্রভৃতি বিষয়ে আরও বেশি কথা শোনার আশা করেছিলেন। কিন্তু তাঁরা হতাশ হয়েছেন।
খ্রিষ্টান এইডের জেন্ডার নীতির উপদেষ্টা চিয়ারা ক্যাপরারো বলেন, অধিক সংখ্যক নারী সিইও পাওয়া মানেই নারীর ক্ষমতায়ন নয়।
অ্যাকশনএইডের নারী অধিকার নীতির উপদেষ্টা র্যাচেল নোবল বলেন, নারীকে মার্জিত কাজের সুযোগ, ন্যূনতম মজুরি, নিরাপদ চুক্তি, ইউনিয়নের অধিকার, যৌথ দর-কষাকষি প্রভৃতির মাধ্যমে কোম্পানিগুলো তাদের পক্ষ থেকে বড় ধরনের ভূমিকা পালন করতে পারে।
নারীর ক্ষমতায় সম্পর্কে সিয়েরা লিওনের পুনর্বাসন ও উন্নয়ন সংস্থার প্রধান অ্যান কার্গবো বলেন, ‘সম্পদের মালিকানা কার, নিয়ন্ত্রক কে এবং সম্পদ ব্যবহারের সিদ্ধান্ত কে নেন, সে সম্পর্কে আমাদের জানা দরকার।’
প্যানেলের উদ্দেশে ন্যাশনাল ডমেস্টিক ওয়ার্কাস অ্যালায়েন্সের অ্যালিসন জুলিয়েন বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পথে প্রধান কাঠামোগত বাধা মজুরিবিহীন সেবা। ঘরের কাজই বাকি সব কাজকে সম্ভব করে তোলে।