মার্টিন লুথার কিংয়ের ওপরও নজরদারি করা হয়েছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী এবং নাগরিক অধিকার আন্দোলনের নন্দিত নেতা মার্টিন লুথার কিং জুনিয়রও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসএ) নজরদারির আওতায় ছিলেন। সরকারি গোপন দলিলপত্রে এ তথ্যের উল্লেখ রয়েছে। এসব দলিল গত বুধবার প্রকাশ করা হয়েছে।
ভিয়েতনাম যুদ্ধ চলার সময় মার্টিন লুথার কিং ও বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী এবং নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট পত্রিকার একাধিক সাংবাদিক ও দুই সিনেটরের ওপর এনএসএর নজরদারি ছিল। তাঁদের প্রত্যেকে প্রকাশ্যে ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করেছিলেন। ছয় বছরব্যাপী ওই নজরদারি কার্যক্রম চলে। দলিলে বলা হয়, সরাসরি অবৈধ না হলেও ওই নজরদারির ব্যাপারটি ছিল নিন্দনীয়।
গোপনীয় দলিলগুলো প্রকাশের জন্য যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। সরকারি একটি প্যানেলের নির্দেশে সংশ্লিষ্ট দলিলপত্র অবশেষে প্রকাশ করা হয়। ওই বিশ্ববিদ্যালয়ের অধীন গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভ মার্কিন সরকারের গোপনীয়তা নিয়ে গবেষণা করছে।
দেশের অভ্যন্তরে ভিয়েতনাম যুদ্ধবিরোধী জোরালো অবস্থানের নেপথ্যে বিদেশি মদদ রয়েছে কি না তা অনুসন্ধানের জন্য সরকারি গোয়েন্দা সংস্থাগুলোকে ১৯৬৭ সালে নির্দেশ দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসন। এনএসএ ও অন্য গোয়েন্দা সংস্থাগুলো তখন ওই যুদ্ধের বিরোধিতাকারী বিশিষ্ট ব্যক্তিদের টেলিফোনে বিদেশি কলের ওপর নজরদারি শুরু করে। ১৯৬৯ সালে রিচার্ড নিক্সন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরও ওই নজরদারি কার্যক্রম অব্যাহত ছিল। ডেমোক্রেটিক পার্টির সিনেটর ফ্রাংক চার্চ ও রিপাবলিকান পার্টির সিনেটর হাওয়ার্ড বুচওয়াল্ডের টেলিফোনে তখন আড়ি পাতা হয়।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এলিয়ট রিচার্ডসন ১৯৭৩ সালে এনএসএর ওই কার্যক্রম বন্ধ করে দেন। কারণ তখন একাধিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল নিক্সন প্রশাসন। মার্কিন নাগরিকদের ওপর এনএসএর ওই নজরদারির বিষয়টি প্রকাশিত হয় ১৯৭৫ সালে। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। এএফপি ও বিবিসি।