মার্টিন লুথার কিংয়ের সেই ভাষণের ৫০ বছর
বর্ণবাদবিরোধী ও নাগরিক অধিকার আন্দোলনের নন্দিত মার্কিন নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ভাষণ ‘আই হ্যাভ এ ড্রিম’-এর অর্ধশত বর্ষপূর্তি উদ্যাপন করা হচ্ছে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গতকাল শনিবার আয়োজিত পদযাত্রা ও সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেয়। দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে বক্তারা কর্মসংস্থান, ভোটাধিকার ও আগ্নেয়াস্ত্র সহিংসতা প্রতিরোধ, নারী অধিকার, অভিবাসন-প্রক্রিয়ায় সংস্কার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের স্বপ্নের বাস্তবায়ন আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন অধিকারকর্মী ও এমএসএনবিসি টেলিভিশনের ভাষ্যকার আল শার্পটন এবং মার্টিন লুথার কিং জুনিয়রের বড় ছেলে তৃতীয় মার্টিন লুথার কিং। ন্যাশনাল মলের লিংকন মেমোরিয়াল থেকে ওয়াশিংটন মনুমেন্ট অভিমুখে একটি পদযাত্রা মার্টিন লুথার কিং জুনিয়র স্মৃতিসৌধের পাশ দিয়ে যায়। এতে অন্তত ৪০টি সংগঠনের পক্ষ থেকে প্রায় এক লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করছিলেন আয়োজকেরা। সমাবেশে নির্ধারিত বক্তাদের তালিকায় ছিলেন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার, প্রতিনিধি পরিষদে সংখ্যালঘিষ্ঠ দলের নেতা ন্যান্সি পেলোসি, ফ্লোরিডায় গত বছর নিহত কৃষ্ণাঙ্গ কিশোর ট্রেভন মার্টিনের পরিবারের সদস্য। বক্তাদের মধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদে ফ্লোরিডার ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা জন লুইস ছিলেন ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটনে মার্টিন লুথার কিং জুনিয়রের সেই স্মরণীয় ভাষণের একমাত্র জীবিত প্রত্যক্ষদর্শী। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল সার্ভিস এমপ্লয়িজ ইন্টারন্যাশনাল ইউনিয়ন, কৃষ্ণাঙ্গ অধিকার সংরক্ষণ প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপল ও আমেরিকান ফেডারেশন অব টিচার্স প্রভৃতি।সমাবেশে বক্তারা বলেন, মার্টিন লুথার কিং জুনিয়রের স্বপ্নের বর্ণবাদমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে এ পর্যন্ত অনেক অর্জন হয়েছে। তবে এ ব্যাপারে আরও উদ্যোগী হতে হবে। মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন ১৯৬৩ সালে ওয়াশিংটনে সেই পদযাত্রা আয়োজনকারী ছয়জন সংগঠকের একজন। লিংকন মেমোরিয়ালে সেদিন প্রায় আড়াই লাখ মানুষ সমবেত হয়েছিল। আলোড়ন তোলা ‘আই হ্যাভ এ ড্রিম’ (আমি স্বপ্ন দেখি) ভাষণের প্রভাবেই ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আইন ও ১৯৬৫ সালে ভোটাধিকার আইন প্রণয়ন করা হয়। ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কারবিজয়ী মার্টিন লুথার কিং জুনিয়র ১৯৬৮ সালের ৪ এপ্রিল আততায়ী হামলায় মাত্র ৩৯ বছর বয়সে নিহত হন। তাঁর স্মরণে লিংকন মেমোরিয়ালে আগামী বুধবার এক অনুষ্ঠানে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা। রয়টার্স।