মার্টিন হত্যার ন্যায়বিচারের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্ষোভকারীরা বলছেন, মার্টিন হত্যার ঘটনায় ন্যায়বিচারের দাবিতে এটি তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদ।
বিক্ষোভকারীরা বলছেন, মার্টিন হত্যার ঘটনায় ন্যায়বিচারের দাবিতে এটি তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদ।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কৃষ্ণাঙ্গ কিশোর ট্রেভন মার্টিন হত্যার ঘটনায় অভিযুক্ত জর্জ জিমারম্যানকে বেকসুর খালাস দেওয়ার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে দেশটির শতাধিক শহরে গতকাল শনিবার বিক্ষোভ হয়েছে।
২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ফ্লোরিডা অঙ্গরাজ্যে ১৭ বছর বয়সী ট্রেভন মার্টিনকে গুলি করে হত্যা করেন স্থানীয় নাগরিক নিরাপত্তা সংগঠনের স্বেচ্ছাসেবী জর্জ জিমারম্যান (২৯)। জিমারম্যানের ভাষ্য, তিনি আত্মরক্ষার্থে গুলি করেছিলেন। আদালতের একটি জুরিবোর্ড গত সপ্তাহে জিমারম্যান নির্দোষ বলে রায় দেয়। ওই রায়ের প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়।
গতকালের বিক্ষোভে মার্টিনের মা-বাবাও অংশ নিয়েছেন। বিক্ষোভের সংগঠকেরা বলছেন, মার্টিন হত্যার ঘটনায় ন্যায়বিচারের দাবিতে এটি তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদ। জিমারম্যানের বিরুদ্ধে ফেডারেল অভিযোগ আনারও দাবি জানিয়েছেন তাঁরা।
মার্টিনের মামলাটি যুক্তরাষ্ট্রের বর্ণ-সম্পর্ক এবং আত্মরক্ষা আইন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। নিউইয়র্কের এক সমাবেশে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আইন পরিবর্তনের আহ্বান জানিয়েছেন নিহত কিশোরের মা সিবরিনা ফুলটন।
বিক্ষোভকারীরা বলছেন, কোনো মানুষকে হুমকি বলে মনে করলে তাকে হত্যা করার অধিকার-সংক্রান্ত কোনো আইন বহাল থাকতে পারে না।
জিমারম্যানকে খালাস দেওয়া জুরিবোর্ডের অন্যতম সদস্য জেসি জ্যাকসন বলেছেন, ফ্লোরিডার আত্মরক্ষা-সংক্রান্ত আইন ‘স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ড’-এর কারণে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া ছাড়া তাঁদের সামনে বিকল্প ছিল না। তিনি আইনটিতে পরিবর্তন আনার আহ্বান জানান।

ওই আইনের আওতায় একজন ব্যক্তি কাউকে নিজের নিরাপত্তার জন্য হুমকি মনে করলে হত্যার মতো পথ বেছে নিতে পারে। ফ্লোরিডার আইনসভার ডেমোক্রেটিক নেতারা আইনটি হয় বাতিল, না হয় সংশোধন করার দাবি তুলেছেন।

জিমারম্যানকে খালাস দেওয়া-সংক্রান্ত আদালতের রায়ে হতাশা ও ক্ষুব্ধ বিক্ষোভকারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ‘যখন ট্রেভন মার্টিনকে গুলি করা হয়, তখন আমি বলেছিলাম, আমার সন্তানের ক্ষেত্রেও এটা ঘটতে পারত। অন্যভাবে বলা যায়, ৩৫ বছর আগে আমার ক্ষেত্রেও ট্রেভন মার্টিনের ঘটনা ঘটতে পারত।’

বিক্ষোভকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।