মার্বেল খাতে সম্ভাবনার হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকের মনেই বদ্ধমূল ধারণা, আফগানিস্তান মানেই পাহাড়-পর্বত আর আফিমের ছড়াছড়ি। মাটি খুঁড়লেও দেশটিতে মিলবে না খনিজ সম্পদের কোনো খোঁজ। যুদ্ধবিগ্রহে জর্জরিত এই দেশ সম্পর্কে এত দিন আমরা যা ভেবেছি, তা পুরোপুরি ঠিক নয়। বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তানের মাটির নিচে আছে মার্বেলের এক সুবিশাল ভাণ্ডার। এই মার্বেলই হয়ে উঠতে পারে আফগানিস্তানের অর্থনৈতিক মুক্তির সবচেয়ে বড় হাতিয়ার।ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও সরকারের বিরূপ নীতি, চলমান যুদ্ধবিগ্রহ, ভঙ্গুর অবকাঠামো আর সীমাহীন দুর্নীতির কারণে আফগানিস্তানের মার্বেলশিল্প বিলুপ্ত হতে বসেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সরকারের নেওয়া দুর্নীতিবিরোধী কার্যক্রম ও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ এ শিল্পকে আবারও জাগিয়ে তুলবে বলে মনে করছেন দেশটির মার্বেল পাথর ব্যবসায়ীরা।আফগানিস্তানে দীর্ঘ তিন দশক ধরে নানা ধরনের যুদ্ধবিগ্রহ লেগেই আছে। তার ওপর দেশটির অবকাঠামো ব্যবস্থাও বেশ নাজুক। আর এ সবকিছুর কারণে দেশটির মার্বেল পাথর শিল্প ধ্বংসের তলানিতে গিয়ে ঠেকেছে। যদিও এ সময় আফগানিস্তানে কিছু কিছু খনিজ সম্পদ উত্তোলিত হয়েছে, তবে তা ছিল খুবই নগণ্য এবং কেবল নিজেদের বাজারে বাজারজাতকরণের উদ্দেশ্যে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও আফগান সরকার বেশ অপরিকল্পিতভাবেই দেশটির এই খনিজ সম্পদ বাজারজাত করছে। সম্প্রতি কয়েকজন বিশেষজ্ঞ হিসাব করে দেখেছেন, আফগানিস্তানের মাটির নিচে কয়েক শ কোটি মেট্রিক টন মার্বেল পাথর অব্যবহূত অবস্থায় পড়ে আছে। লামৌরিয়াক্স ২০০৮ সাল থেকে আফগানিস্তানের মার্বেলশিল্প খাত নিয়ে কাজ করছেন। তিনি আফগানিস্তানের মার্বেলশিল্পের অর্থনৈতিক সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, এ শিল্প থেকে আগামী ১০ বছরে দেশটি প্রায় ৭০০ মিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা আয় করতে পারে; যা তাদের বর্তমান জিডিপির ছয় শতাংশেরও বেশি। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের শহর হেরাত থেকে প্রতিবছর ৩০ লাখ ডলার সমমূল্যের মার্বেল পাথর রপ্তানি করা হয়। এখানকার হেরাত শিল্প সংস্থার প্রধান তোউরওয়ালি গাউসি এ অঞ্চলের মার্বেল পাথর শিল্পের সম্ভাবনার ব্যাপারে আশা প্রকাশ করে বলেছেন, আগামী বছর এ রপ্তানি আয়ের পরিমাণ তিন গুণ বেড়ে ১০০ কোটি ডলার হবে। এ মাসেই হেরাত শহরে মার্বেলশিল্পের ওপর এযাবৎকালের সবচেয়ে বড় একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে ইতালি, ভারত, চীন, ইরান, তুরস্ক, তুর্কেমিনিস্তানসহ বিভিন্ন দেশের সম্ভাব্য ক্রেতারা অংশ নিয়েছেন। সম্মেলনে মার্বেল পাথরের তৈরি চাকচিক্যপূর্ণ ভাস্কর্য ও অন্যান্য উপকরণ প্রদর্শিত হয়। এতে প্রায় ২০০ অংশগ্রহণকারী অংশ নেন। আফগানিস্তানের মার্বেলের প্রতি ইতালির বিশেষ আগ্রহের ব্যাপারে লামৌরিয়াক্স নিজেও বেশ আশাবাদী হয়েছেন। মানের দিক থেকে তিনি আফগানিস্তানের সাদা মার্বেলের সঙ্গে ইতালির বিখ্যাত ক্যারারা প্রকৃতির মার্বেলের তুলনা করেছেন। প্রাচীন রোমে ওই মার্বেল দিয়ে আকর্ষণীয় বিভিন্ন সামগ্রী তৈরি করা হতো। কিছু দিন আগেও এ খাতের ব্যবসায়ীরা হতাশায় ভুগছিলেন এবং তাঁরা বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। দেশটির নতুন খনিজ সম্পদ মন্ত্রী ইতিমধ্যে এ খাতের উন্নয়নে সরকারের বিরূপ নীতি পরিবর্তনের ব্যাপারে সম্মত হয়েছেন। নাসিম নামের এক মার্বেল ব্যবসায়ী বলেছেন, মন্ত্রী শুল্ক কমাতে চেষ্টা করছেন। তিনি আরও অধিক শিল্প স্থাপনের ব্যাপারে সাহায্য করারও চেষ্টা করছেন, যাতে এ শিল্পে আরও অনেক কর্মসংস্থান হয়। এখন আরও অনেক বিনিয়োগকারীর জন্য এ শিল্পের দরজা খুলে যাচ্ছে। রয়টার্স।