মালদ্বীপ তলব করেছে ভারতীয় হাইকমিশনারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপ সরকার সে দেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে বিরোধীদলীয় নেতা মোহাম্মদ নাশিদকে হাইকমিশনে আশ্রয় দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে। মালের একজন কর্মকর্তা গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন।দেশটির সাবেক প্রেসিডেন্ট নাশিদ গত বুধবার থেকে ভারতীয় হাইকমিশনে আছেন। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আদালত-ঘোষিত গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে সেখানে আশ্রয় নেন তিনি। তবে তাঁর দল দাবি করেছে, এই গ্রেপ্তারি পরোয়ানা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নাশিদকে রাজনীতি থেকে দূরে রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।এ ঘটনার পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার ভারতীয় হাইকমিশনার ডি এম মুলাইকে ডেকে পাঠায় এবং নাশিদকে আশ্রয় দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানায়। মুলাইকে বলা হয়, এ ঘটনা রাজধানী মালেতে সহিংসতা ও অস্থিরতার সৃষ্টি করতে পারে। তা ছাড়া অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ বন্ধ এবং নয়াদিল্লির প্রতি কূটনৈতিক শিষ্টাচার ও আন্তর্জাতিক আইন মেনে চলারও আহ্বান জানায় মালদ্বীপ। দেশটির প্রেসিডেন্টের প্রেস সচিব মাসুদ ইমাদ ভারতীয় হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন।তবে ভারত সরকার মালদ্বীপের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ অস্বীকার করেছে; বরং তারা প্রতিবেশী রাষ্ট্রটিকে নির্বাচনী আইনের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। মালদ্বীপে আগামী সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন গতকাল নয়াদিল্লিতে বলেন, ‘আমরা নিজেরাই এখন একটা সংকটময় পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। আমাদের উচিত একটা সুন্দর সমাধানের জন্য কাজ করা।’ তিনি বলেন, ‘বিষয়টা সংবেদনশীল। আর এটা সবারই বোধগম্য।’ এএফপি।