মালদ্বীপকে আর্থিক সহায়তাদান বন্ধের হুমকি ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত গতকাল সোমবার মালদ্বীপকে বার্ষিক আড়াই কোটি ডলার (২৫ মিলিয়ন) আর্থিক সহায়তা দেওয়া বন্ধের হুমকি দিয়েছে। দেশটির প্রধান বিমানবন্দরের পরিচালনার দায়িত্ব থেকে ভারতীয় প্রতিষ্ঠানকে সরিয়ে দেওয়ার চেষ্টায় ক্ষুব্ধ হয়ে এ হুমকি দেয় নয়াদিল্লি।ভারতের অবকাঠামো প্রতিষ্ঠান জিএমআরের সঙ্গে বিমানবন্দরটির ব্যবস্থাপনায় করা ২৫ বছরের লিজ চুক্তি সম্প্রতি আগাম বাতিল করে মালদ্বীপের বর্তমান সরকার। গত সপ্তাহে ওই পরিচালনার দায়িত্ব থেকে সড়ে দাঁড়াতে প্রতিষ্ঠানটিকে পাঁচ দিনের সময়ও বেঁধে দেওয়া হয়।ইতিমধ্যে ওই চুক্তি বাতিলের বিরুদ্ধে সিঙ্গাপুর হাইকোর্টে দায়ের করা প্রতিষ্ঠানটির এক মামলায় গতকাল মালদ্বীপ সরকারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত।নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘মালদ্বীপ যেভাবে জিএমআর বিমানবন্দর চুক্তি বাতিল করেছে, তাতে আমরা সন্তুষ্ট নই। এই পদক্ষেপ নিশ্চিতভাবেই আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলেছে।’মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা বলেন, ‘ওই চুক্তির প্রতিটি শর্ত আবারও পুনর্বিবেচনা করলেই কেবল মালদ্বীপকে আগামী বছর আড়াই কোটি ডলারের সহায়তা দেওয়া হবে।’ অর্থ সহায়তা দেওয়া হবে কি না, বিষয়টিতে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। এএফপি।