মালদ্বীপে অভ্যুত্থানের দাবি নাকচ, ঐক্যের সরকার গঠনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসান ক্ষমতা গ্রহণের এক দিন পর গতকাল বুধবার দেশে জাতীয় ঐক্যের সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে তিনি এও দাবি করেন, দেশে কোনো অভ্যুত্থান হয়নি। এদিকে মঙ্গলবারের ঘটনাকে অভ্যুত্থান দাবি করে ওয়াহিদকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ এবং কিছু পুলিশ কর্মকর্তার বিদ্রোহের পর মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট নাশিদ গত মঙ্গলবার পদত্যাগ করেন। ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান ওই দিনই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর গতকাল প্রথম সংবাদ সম্মেলনে ওয়াহিদ হাসান বলেন, কয়েক দিনের মধ্যেই মন্ত্রিসভা গঠন করার লক্ষ্যে তিনি মালদ্বীপের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন।অভ্যুত্থানের অভিযোগ নাকচ করে দিয়ে প্রেসিডেন্ট ওয়াহিদ বলেন, এটা কোনো পরিকল্পিত ঘটনা নয়। কোনো কিছুর জন্যই তিনি প্রস্তুত ছিলেন না। এ ঘটনাকে অভ্যুত্থান হিসেবে বর্ণনা করা অন্যায্য হবে।নির্ধারিত সময়েই নির্বাচন হবে উল্লেখ করে প্রেসিডেন্ট ওয়াহিদ বিবিসিকে বলেন, ‘২০১৩ সালে নির্বাচন হবে। স্রষ্টার ইচ্ছায় আমি একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের চেষ্টা করব এবং মালের রাস্তাঘাটে শান্তিশৃঙ্খলা বজায় ও আইনের শাসন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কাজ করব।’ওয়াহিদ আরও বলেন, পদত্যাগ করে নাশিদ উদার মনের পরিচয় দিয়েছেন। তিনি জনগণের আহ্বানে সাড়া দিয়েছেন এবং রক্তপাত বন্ধে সাহায্য করেছেন। প্রেসিডেন্ট ওয়াহিদের ঘনিষ্ঠ মিত্র প্রগ্রেসিভ পার্টির মুখপাত্র মোহাম্মদ শরিফ বলেছেন, জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য এমনকি পদত্যাগকারী প্রেসিডেন্ট নাশিদের রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হবে।তবে দেশটির বিরোধী দলের বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ তুলেছেন নাশিদ ও তাঁর মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। এক বিবৃতিতে দলটি বলেছে, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় বিরোধী দল প্রেসিডেন্টকে পদত্যাগের সময়সীমা বেঁধে দেয়। পদত্যাগ না করলে রাজধানী মালেতে রক্তের বন্যা বইয়ে দেওয়ার হুমকি দেয় তারা।নাশিদ গতকাল বার্তা সংস্থা এএফপিকে জানান, তিনি পদত্যাগে বাধ্য হন। তাঁকে বলা হয়, স্বেচ্ছায় পদত্যাগে রাজি না হলে শক্তি প্রয়োগ করা হবে। সহিংসতা এড়িয়ে দেশের জনগণকে রক্ষায় অনিচ্ছা সত্ত্বেও তিনি পদত্যাগ করেছেন। মঙ্গলবারের ঘটনার পেছনে ভাইস প্রেসিডেন্ট জড়িত অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমি ভীত ছিলাম, কারণ তিনি (ওয়াহিদ) সব সময় প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি কখনোই তা হতে পারতেন না। আর সুযোগ পেয়েই তিনি তা গ্রহণ করলেন।’এ ছাড়া রাজধানী মালেতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের সময় নাশিদ বলেন, ‘আমি ওয়াহিদকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। এবং মঙ্গলবারের ঘটনা তদন্তে ও দোষীদের বিচারের আওতায় আনতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানাচ্ছি।’গত মাসে একজন জ্যেষ্ঠ বিচারককে গ্রেপ্তারের ঘটনায় দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়। কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভের পর মঙ্গলবার সেখানে পুলিশ-বিদ্রোহ ঘটে। এসব ঘটনার জের ধরে প্রেসিডেন্ট নাশিদ পদত্যাগ করলে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ। সেই বিচারক মুক্ত: যে বিচারককে গ্রেপ্তারের ঘটনা নিয়ে মালদ্বীপ-সংকট শুরু, সেই বিচারককে মঙ্গলবার রাতেই মুক্তি দেওয়া হয়েছে। দেশের ফৌজদারি আদালতের ওই প্রধান বিচারপতি আবদুল্লাহ মোহাম্মদকে অসদাচরণ ও সরকারবিরোধীদের পক্ষে কাজ করার অভিযোগে গত মাসে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এএফপি, রয়টার্স ও বিবিসি।