মালদ্বীপে এক তরুণীকে দোররা মারার আদেশ
বিয়ের আগে এক যুবকের সঙ্গে সংসর্গের দায়ে মালদ্বীপের একটি আদালত ১৬ বছর বয়সী এক তরুণীকে জনসমক্ষে দোররা মারার আদেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার আদালতের দেওয়া এই রায়ের সমালোচনা করছে মানবাধিকার সংগঠনগুলো। তরুণীর পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে দেশটির প্রত্যন্ত রা দ্বীপের আদালতে ২৯ বছর বয়সী এক যুবকের সঙ্গে যৌন সংসর্গ করার অভিযোগ আনেন। তরুণী ওই আদালতে অভিযোগের সত্যতা স্বীকার করে। একই ঘটনায় ওই যুবককে গত রোববার একই আদালত ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেন। নাম প্রকাশ না করার শর্তে আদালতের এক কর্মকর্তা এএফপিকে জানান, ওই তরুণী চাইলে দোররা মারার দণ্ডাদেশ প্রত্যাখ্যানের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাকে আট মাস গৃহবন্দী থাকতে হবে। আর যদি আদেশ মেনে নেন, তা হলে ১৮ বছর পূর্ণ হলে তাকে দোররা মেরে আদালতের আদেশ কার্যকর করা হবে।দেশটিতে বিয়ের আগে ও বিবাহবহির্ভূত সংসর্গকে অপরাধ গণ্য করা হয়। এক্ষেত্রে বেশির ভাগ ঘটনায় কৃতকর্মের সাজা হিসেবে দোররা মারা হয়। বিবাহ বহির্ভূত যৌন সংসর্গের দায়ে নারীদের প্রকাশ্যে দোররা মারা বন্ধ করতে প্রায় ১০ মাস আগে মালদ্বীপের সরকারের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নভি পিল্লাই। এএফপি।