মালদ্বীপে দ্রুত নির্বাচন চান বান কি মুন
মালদ্বীপে জোর করে প্রেসিডেন্ট নির্বাচন বন্ধ করে দেওয়ার ঘটনায় এবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি দ্রুত ওই নির্বাচন করতে গতকাল সোমবার দেশটির প্রতি আহ্বান জানান। ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাচন বন্ধের বিরোধিতা করে বক্তৃতা-বিবৃতি দিয়েছে।
জাতিসংঘের মুখপাত্র মার্টিন নিসার্কি গতকাল বলেন, মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণে নতুন করে বিলম্বে বান কি মুন ‘গভীরভাবে উদ্বিগ্ন’। মহাসচিব দেশটির রাজনৈতিক নেতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে দ্রুত বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ ও সবার অংশগ্রহণমূলক পুনর্নির্বাচন আয়োজনের পরামর্শ দেন তিনি।
বান কি মুন বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। যেন সংবিধান অনুযায়ী একজন নতুন প্রেসিডেন্ট আগামী ১১ নভেম্বর দায়িত্ব নিতে পারেন।
নিসার্কি বলেন, গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৮৮ শতাংশ বৈধ ভোটার অংশ নিয়েছিলেন। এতে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটে। এএফপি।