মালদ্বীপে নাশিদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান বিরোধীদলীয় নেতা মোহাম্মদ নাশিদকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আগামী নির্বাচন সামনে রেখে নাশিদকে প্রচারণা চালানোর অনুমতি দিতে প্রতিবেশী দেশ ভারত মালদ্বীপের ওপর চাপ দিয়ে আসছে। তবে শেষ পর্যন্ত সেই চাপ আমলে নেয়নি মালদ্বীপ সরকার।মালদ্বীপের সরকারি মুখপাত্র শাওনা আমিনাথ গতকাল এএফপিকে বলেন, তাঁকে রাজধানী মালে থেকে বিপুলসংখ্যক পুলিশ গ্রেপ্তার করেছে।সরকারের তরফে বলা হয়েছে, দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট নাশিদকে আদালতের নির্দেশে ‘নিরাপত্তা বাহিনীর হেফাজতে’ নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই তাঁকে আদালতে হাজির করা হবে।তবে বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদের তথ্যসচিব মাসুদ ইমাদ বলেন, নাশিদকে গ্রেপ্তার করা হয়নি। আদালতে হাজির হওয়ার জন্য বারবার সমন উপেক্ষা করায় তাঁকে আদালতের নির্দেশে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নাশিদকে বৃহস্পতিবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে। সেদিন তাঁকে স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতাসীন হওয়ার পর তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন বলে তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে।বিশ্লেষকেরা বলছেন, সরকারের এই পদক্ষেপে পর্যটনের জন্য জনপ্রিয় এই দেশ আরও অস্থিতিশীলতার সম্মুখীন হওয়ার হুমকিতে পড়ল। নিরাপত্তা বাহিনীর বিদ্রোহ ও বিক্ষোভের মুখে মোহাম্মদ নাশিদ গত বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হন। এর পর থেকেই দেশটিতে সহিংসতা ও রাজনৈতিক হানাহানি চলছে।মোহাম্মদ নাশিদের অভিযোগ, সাবেক স্বৈরশাসক মামুন আবদুল গাইয়ুমের উসকানিতেই ওই বিদ্রোহ হয়। তবে বর্তমান সরকার ও মামুন আবদুল গাইয়ুম উভয়ের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।মোহাম্মদ নাশিদ গ্রেপ্তার এড়াতে গত মাসে ১০ দিনের জন্য মালদ্বীপে ভারতীয় হাইকমিশনে আশ্রয় নেন। পরে ভারতের মধ্যস্থতায় সরকারের সঙ্গে এক অনানুষ্ঠানিক চুক্তির আওতায় তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। চুক্তিতে তাঁকে নির্বাচনী প্রচারাভিযান চালানোর অনুমতি দেওয়ার কথা ছিল। এএফপি।