মালদ্বীপে নাশিদ-সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ, গ্রেপ্তার ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে চারজন পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাজধানী মালেতে পার্লামেন্ট ভবনের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে নাশিদের মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) আইনপ্রণেতা পার্লামেন্ট ভবনের ভেতর স্লোগান দিতে শুরু করেন। এ সময় নাশিদের শত শত সমর্থক বাইরে বিক্ষোভ শুরু করে। পুলিশ তাদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।পুলিশের মুখপাত্র আহমেদ সিয়াম জানান, বিক্ষোভকারীরা এ সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর ও ভাঙা কাচের টুকরা ছোড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে চারজন সদস্য আহত হয়। এমডিপির ১৮ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়।প্রেসিডেন্ট মোহাম্মেদ ওয়াহিদের এক মুখপাত্র জানান, সংঘর্ষের পর আবার অধিবেশন শুরু হয়েছে। দিন শেষে প্রেসিডেন্টের সেখানে বক্তব্য দেওয়ার কথা।এমডিপির নেতা নাশিদ গত ৭ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতাচ্যুত হন। তিনি অভিযোগ করেন, তাঁর ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ ওয়াহিদ এ অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিলেন।প্রেসিডেন্ট ওয়াহিদ গতকাল সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আন্নিকে (নাশিদ) অবশ্যই এই বিশৃঙ্খলা সৃষ্টির দায়ু স্বীকার করতে হবে।’ এএফপি।