মালদ্বীপের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ গতকাল শুক্রবার পার্লামেন্ট নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসানের পদত্যাগ দাবি করেন তিনি।নাশিদ দাবি করেন, তাঁর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় সুস্পষ্ট কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। নতুন প্রেসিডেন্টকে স্বীকৃতি দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন তিনি।এদিকে গতকাল জাতিসংঘের একজন বিশেষ দূত তিন দিনের সফরে মালদ্বীপ পৌঁছেছেন। তিনি নতুন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন।গত বৃহস্পতিবার রাতে রাজধানী মালেতে হাজার হাজার সমর্থকের উদ্দেশে বক্তৃতা করেন নাশিদ। এ সময় তিনি দেশটির নতুন প্রেসিডেন্ট ওয়াহিদ হাসানকে পদত্যাগ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘ওয়াহিদ হাসানকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এরপর পার্লামেন্টের স্পিকারকে দুই মাসের মধ্যে নির্বাচন দিতে হবে।’ পরে তাঁর নির্দেশেই সমর্থকেরা শান্তিপূর্ণভাবে চলে যায়।এর আগে নিজের দল ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও বৈঠক করেন নাশিদ। সেখানে তিনি লড়াই চালিয়ে যাওয়ার আভাস দেন।গতকাল রাজধানী মালেতে নিজের বাড়ির সামনে নাশিদ দাবি করেন, তাঁর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সুস্পষ্ট নয়। গতকাল জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাশিদ। নতুন সরকারকে যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এতে আমি খুবই নাখোশ। এটা মালদ্বীপের বর্তমান পরিস্থিতির জন্য ভালো কিছু হবে না। সমর্থন দেওয়ার আগে এখানে আসলে কী ঘটেছে, তা ভালোভাবে পর্যবেক্ষণ করার প্রয়োজন ছিল যুক্তরাষ্ট্রের।’গত বৃহস্পতিবার নাশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে গতকাল পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়নি। আন্তর্জাতিক চাপ থাকায় তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানা গেছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও গ্রেপ্তার না করা প্রসঙ্গে পুলিশের মুখপাত্র আবদুল মান্নান ইউসুফ বলেন, ‘আমরা যখন প্রয়োজন মনে করব, তখন তাঁকে গ্রেপ্তার করা হবে।’গত বুধবার শুরু হওয়া নাশিদের সমর্থকদের সহিংসতা গতকাল বন্ধ ছিল। তবে গতকাল সাপ্তাহিক ছুটি হওয়ায় রাজধানী মালে ও দ্বিতীয় বৃহত্তম শহর আদ্দু সিটিতে দোকানপাট, অফিস-আদালত বন্ধ থাকে। এএফপি ও রয়টার্স।