মালদ্বীপে বিরোধী দুই সাংসদের গৃহবন্দিত্বের মেয়াদ বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের বিরোধীদলীয় দুই সাংসদের গৃহবন্দিত্বের মেয়াদ আরও দুই সপ্তাহের জন্য বাড়িয়েছেন সে দেশের একটি আদালত। সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গতকাল শনিবার এ নির্দেশ দেন। কর্মকর্তারা জানিয়েছেন, স্বতন্ত্র সাংসদদের উৎকোচ দেওয়ার অভিযোগে বিরোধী দুই সাংসদ আবদুল্লাহ ইয়ামিন ও কাসিম ইব্রাহিমকে গৃহবন্দী করা হয়েছে। পুলিশ অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে বিরোধী দল সরকারের কাজে বাধা দিচ্ছে—এ অভিযোগে গত মঙ্গলবার সে দেশের ১৩ সদস্যের মন্ত্রিসভা পদত্যাগ করে। মন্ত্রিসভার পদত্যাগের পরপরই এ দুই সাংসদকে গ্রেপ্তার করা হয়।বিরোধী দল পিপলস পার্টির (ডিআরপি) মুখপাত্র মোহাম্মদ শরীফ বলেছেন, তাঁরা প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে পদত্যাগে চাপ দিচ্ছেন। তিনি বলেন, ‘জনগণ এ মুহূর্তে প্রেসিডেন্ট নাশিদের পদত্যাগ চায়।’ মালদ্বীপের চলমান রাজনৈতিক সংকট নিরসনে দ্বীপরাষ্ট্রটির সব পক্ষকে সংবিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। একই সঙ্গে দেশটির নব্য গণতন্ত্রের পথে সুশাসন নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইউরোপীয় পার্লামেন্ট বলেছে, সুশাসন প্রতিষ্ঠা এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে মালদ্বীপের সব পক্ষকে এগিয়ে আসতে হবে। প্রেসিডেন্ট নাশিদ ইউরোপীয় পার্লামেন্টের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিরোধী দল ও প্রেসিডেন্টের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ৭৭ আসনের পার্লামেন্ট মজলিশে প্রেসিডেন্ট নাশিদের দল মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) ৩২টি আসন রয়েছে। বিরোধী দল ডিআরপির রয়েছে ৪০টিরও বেশি।মন্ত্রিপরিষদের পদত্যাগের ব্যাপারে প্রেসিডেন্ট নাশিদ বলেছেন, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে বিরোধী দল সরকারের কাজে বাধা দিচ্ছে। বেসরকারীকরণ প্রকল্পসহ সরকারের অসংখ্য উদ্যোগে বাধা দিচ্ছেন তাঁরা। মন্ত্রিসভার সদস্যদের কাজেও বাধা দেওয়া হয়েছে। বিরোধীদের এমন আচরণকে সংবিধান-পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। মালদ্বীপের প্রেসিডেন্ট পদ্ধতির সরকারে প্রেসিডেন্টের সংসদ বিলুপ্ত করার ক্ষমতা নেই। আবার পার্লামেন্টে প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করার মতো দুই-তৃতীয়াংশ আসনও নেই বিরোধী দল ডিআরপির। এএফপি।