মালদ্বীপে বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
মালদ্বীপের রাজধানী মালেতে গতকাল শুক্রবার সরকারবিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত ৫৫ জন বিক্ষোভকারীকে আটক করেছে। পুলিশের মুখপাত্র হাসান হানিফ জানান, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) সমর্থকদের সঙ্গে এ সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের নয়জন কর্মকর্তা আহত হয়েছেন। তিনি বলেন, বিক্ষোভকারীরা পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। ভাঙচুর করেছে আরেকটি গাড়ি। এ ছাড়া বেশ কিছু দোকানের জানালা এমডিপি সমর্থকেরা ভাঙচুর করেছে।অভিযোগ অস্বীকার করে এমডিপি মুখপাত্র হামিদ আবদুল গফুর বলেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভে বর্বরোচিতভাবে হামলা চালিয়েছে।গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট নাশিদের পদত্যাগের পর থেকে মালেতে বিক্ষোভ চলে আসছে। নাশিদের দাবি, অস্ত্রের মুখে তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এএফপি।