মালদ্বীপে মৃত্যুদণ্ড পুনর্বহাল, উদ্বেগ এসএএইচআরের
মালদ্বীপে মৃত্যুদণ্ড পুনর্বহাল করায় উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ার সাতটি দেশভিত্তিক মানবাধিকার সংগঠন সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস (এসএএইচআর)৷ চলতি সপ্তাহে দেশটিতে ১৬ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে৷ নতুন আইন পুনর্বহালের পর এই প্রথম এমন অভিযোগ আনা হলো৷
প্রায় ছয় দশক বন্ধ থাকার পর গত ২৭ এপ্রিল মালদ্বীপে মৃত্যুদণ্ডের শাস্তি পুনর্বহাল করা হয়৷ আইনের নতুন কিছু ধারা অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের শাস্তি হতে পারে৷ মালদ্বীপে সর্বনিম্ন ১০ বছর বয়সী পর্যন্ত কাউকে অপরাধে অভিযুক্ত করা যায়৷ তবে শরিয়া আইন অনুযায়ী ক্ষেত্রবিশেষে সর্বনিম্ন দেশটিতে সাত বছর বয়সীকেও অভিযুক্ত করা যায়৷ এই বিধানে মৃত্যুদণ্ডের শাস্তি কমিয়ে যাবজ্জীবন করার রাষ্ট্রপতির ক্ষমতা তুলে নেওয়া হয়েছে৷
মালদ্বীপ সরকারকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মৃত্যুদণ্ড মুলতবি রাখার আহ্বান জানিয়েছে এসএএইচআর৷ বিজ্ঞপ্তি৷