মালদ্বীপে সংকট কাটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকট ছাড়ছেই না মালদ্বীপকে। পুলিশ দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়ার পর নির্বাচন কমিশন নতুন তারিখ ঘোষণা করেছে। কিন্তু অন্যতম প্রধান রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে, তারা নতুন নির্বাচনে রাজি নাও হতে পারে।
সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসরণ করার কথা বলে মালদ্বীপের পুলিশ গত শনিবার নির্বাচন বন্ধ করে দেয়। এর আগে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ ওঠায় গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম দফা ভোট বাতিল করেন সর্বোচ্চ আদালত। অবশ্য আন্তর্জাতিক মহল একে অবাধ ও নিরপেক্ষ বলে স্বীকৃতি দিয়েছিল। নির্বাচন কমিশন বলেছে, আগামী ৯ নভেম্বর নতুন করে নির্বাচন হবে। নিয়ম অনুযায়ী কোনো প্রাথী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় দফা ভোট হবে আগামী ১৬ নভেম্বর। প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকা মোহাম্মদ নাশিদের সমর্থকেরা নতুন তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বী প্রগ্রেসিভ পার্টির নেতা আবদুল্লাহ ইয়ামিনের ঘনিষ্ঠ সহযোগী যুববিষয়ক মন্ত্রী মোহাম্মদ শরিফ নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। মোহাম্মদ শরিফ বলেন, ‘মালদ্বীপ নিশ্চিতভাবেই সাংবিধানিক সংকটের দিকে যাচ্ছে। কী ঘটতে যাচ্ছে, আমি জানি না।’
প্রগ্রেসিভ পার্টির জ্যেষ্ঠ নেতা শরিফ দাবি করেন, প্রথম থেকেই তাঁরা নির্বাচনের পক্ষে। কিন্তু তাঁরা মনে করেন, নির্বাচন-প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে।
শরিফ বলেন, ‘সার্ভারের নিরাপত্তা নিয়ে আমাদের আশ্বস্ত করতে হবে কর্তৃপক্ষকে। কেউ যদি কয়েক হাজার ভোট এদিক-ওদিক করে, তাহলেই এ রকম ছোট জনসংখ্যার দেশে ফলাফলে বিরাট প্রভাব পড়বে।’ এএফপি।