মালদ্বীপে সর্বদলীয় মন্ত্রিসভা গঠন করতে চান নতুন প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসান দেশে ‘শান্তি ও শৃঙ্খলা’ ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ জন্য তিনি সর্বদলীয় একটি সরকার গঠন করতে চান।প্রেসিডেন্ট ওয়াহিদের কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, সফররত ইউরোপীয় একটি প্রতিনিধিদলকে প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টিসহ (এমডিপি) অন্যান্য দল নিয়ে একটি ‘সর্বদলীয় মন্ত্রিসভা’ গঠন করা হবে। প্রেসিডেন্টের প্রধান অগ্রাধিকারমূলক কাজ হচ্ছে দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা।ইউরোপীয় প্রতিনিধিদলে কলম্বোভিত্তিক রাষ্টদূতেরা রয়েছেন। তাঁদের মধ্যে ফরাসি রাষ্ট্রদূত ক্রিস্টিন রবিকনও রয়েছেন। তাঁরা মালদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ছাড়াও সাবেক প্রেসিডেন্ট নাশিদসহ সব রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন।নাশিদের অভিযোগ, সেনাসমর্থিত অভ্যুত্থানের মাধ্যমে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তিনি নতুন করে নির্বাচন দাবি করেন। এএফপি।