মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আনতে রাজি ওয়াহিদ
মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসান বলেছেন, তিনি আগামী বছরের অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আনতে রাজি আছেন। তবে এ জন্য অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ থাকতে হবে। গত সপ্তাহে পুলিশের বিদ্রোহের কারণে মালদ্বীপে গণতান্ত্রিকভাবে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ পদত্যাগে বাধ্য হন। এরপর ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তবে নাশিদ পার্লামেন্টের স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরসহ দুই মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানে ওয়াহিদের প্রতি আহ্বান জানান। তবে একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক বলেন, দুই মাসের মধ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে মালদ্বীপের অনেকে মতামত ব্যক্ত করেছেন। ওয়াহিদ বলেন, নির্বাচন এগিয়ে আনা সম্ভব। তবে তিনি নির্বাচনের কোনো সুনির্দিষ্টর তারিখ উল্লেখ করেননি। তিনি বলেন, ‘আমরা যদি নির্বাচন এগিয়ে আনতে সম্মত হই, তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। তবে সে ক্ষেত্রে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের শর্ত অক্ষুণ্ন থাকতে হবে।’ রয়টার্স।