মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাশিদ
মোহাম্মদ নাশিদ

মালদ্বীপের শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে। কারণ, সবার চেয়ে এগিয়ে থাকলেও মোহাম্মদ নাশিদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছেন।
মোহাম্মদ নাশিদ ৪৫ শতাংশ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ ইয়ামিন ২৫ শতাংশ ভোট পেয়েছেন। দ্বিতীয় দফা নির্বাচন এড়াতে নাশিদের অন্তত ৫০ শতাংশ ভোট প্রয়োজন ছিল।
দ্বিতীয় দফা ভোট গ্রহণ করা হবে চলতি মাসের ২৮ তারিখে। এবারের নির্বাচনে নাশিদের মূল প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ ইয়ামিন হচ্ছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইউমের সৎভাই। গাইউম ৩০ বছর দেশটি শাসন করেন।
মোহাম্মদ নাশিদ ক্ষমতা ছাড়ার পর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণকারী মোহাম্মদ ওয়াহিদ হাসান মানিকও এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তিনি মাত্র ৫ শতাংশ ভোট পেয়েছেন।
কয়েক দশকব্যাপী স্বৈরশাসনের পর মালদ্বীপে ২০০৮ সালে প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ নাশিদ বিজয়ী হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু তাঁকে দেড় বছর আগে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়।
মালদ্বীপে নেতৃত্বের পরিবর্তন রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর তা হলে  ষ্ট্রটির আয়ের বড় উৎস পর্যটনশিল্প হুমকির মুখে পড়বে। নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ট্রান্সপারেন্সি মালদিভসের প্রতিনিধি তারিক হামিদ বলেন, নির্বাচনী প্রচার কার্যক্রম অবাধ ও শান্তিপূর্ণ ছিল। তবে নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে কিছুটা উৎকণ্ঠা ছিল। নির্বাচনের প্রার্থীরা ছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, নাশিদের পর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণকারী মোহাম্মদ ওয়াহিদ হাসান মানিক, ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের সৎভাই আবদুল ইয়ামিন এবং ব্যবসায়ী ও গাইয়ুমের আমলের অর্থমন্ত্রী গাসিম ইব্রাহিম।
প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ সামরিক হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে প্রায় ২০ মাসের অরাজক অবস্থা কাটিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হলো। বিবিসি।