মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ গ্রেপ্তার
আদালতের আদেশ অমান্য করার অভিযোগে মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের আদেশে তাঁকে গতকাল সোমবার সকালে সে দেশের ছোট একটি দ্বীপ থেকে গ্রেপ্তার করে পুলিশ।মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) মুখপাত্র হামিদ গফুর জানান, তাঁদের নেতা নাশিদকে ফারেস মাথোদা দ্বীপে তাঁর ঘরের দরজা ভেঙে গ্রেপ্তার করা হয়। ন্যায়বিচার ও নাশিদের নিরাপত্তা নিয়ে এমডিপি উদ্বিগ্ন।পুলিশের মুখপাত্র হাসান হানিফ জানান, গত রোববার স্থানীয় আদালতের জারি করা এক আদেশ অনুযায়ী নাশিদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়। আজ মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতে হাজির করার কথা।দোষী সাব্যস্ত হলে নাশিদকে তিন বছরের কারাদণ্ডাদেশ অথবা দ্বীপান্তর করা হতে পারে। কিছুদিন আগে নাশিদকে ‘দ্বীপবন্দী’ থাকার আদেশ দিয়েছিলেন আদালত। ওই আদেশে তাঁর রাজধানী মালে ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।আদালতের আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং তা মানতে অস্বীকৃতি জানান সাবেক প্রেসিডেন্ট নাশিদ। এএফপি ও বিবিসি।