অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে মালয়েশিয়া সরকার। গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৪৩৩ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে ৩৮৭ জন বাংলাদেশি রয়েছেন। প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যাঁরা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে। গতকাল রোববার মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। আজ সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি আহমাদ জাহিদ হামিদি বলেন, সারা দেশে ৪০টি অভিযানে আট হাজার ১০৫ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। উপযুক্ত কাগজপত্র না থাকা, কাজের ভুয়া অনুমতিপত্র ও মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থান করায় দুই হাজার ৪৩৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৮৭ জন বাংলাদেশি, ৭১৭ জন ইন্দোনেশীয়, ৫৫৫ জন বর্মি ও ২২৯ জন নেপালি রয়েছেন। অন্যরা কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, চীন, নাইজেরিয়া ও থাইল্যান্ডের নাগরিক বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, পুলিশ, সশস্ত্র বাহিনী, রেল, সিভিল ডিফেন্স ও ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের দুই হাজার ২০৭ জন কর্মকর্তা এই অভিযানে অংশ নেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ২০১১ সালের আগস্টে মালয়েশিয়া সরকার সেখানে অবস্থানরত অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেয়। এ জন্য কয়েক মাসজুড়ে তাঁদের নাম নিবন্ধন করতে বলা হয়। এরপর সিক্স-পি কর্মসূচির আওতায় তাঁদের বৈধ করা হয়। ওই প্রক্রিয়ায় দুই লাখ ৬৭ হাজার অবৈধ বাংলাদেশি বৈধ হন। তাঁদের বেশির ভাগই ২০০৭ ও ২০০৮ সালে কলিং ভিসায় মালয়েশিয়া গিয়েছিলেন।
ওই প্রক্রিয়া শেষ হওয়ার পর মালয়েশিয়া ঘোষণা দেয়, নির্ধারিত সময়ে যাঁরা বৈধ হবেন না, তাঁদের বিরুদ্ধে পরে অভিযান চালানো হবে। সেই ঘোষণা অনুযায়ী, গতকাল অভিযান শুরু করেছে মালয়েশিয়া। আগামী তিন মাস এই অভিযান চলবে।
জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, ২০০৯ সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। কিন্তু এর পরও ছাত্র ও পর্যটক সেজে অনেক বাংলাদেশি মালয়েশিয়া চলে যান। মূলত তাঁরাই গ্রেপ্তার হচ্ছেন এখন। মালয়েশিয়া পুলিশের ধারণা, দেশটিতে অন্তত চার লাখ অবৈধ অভিবাসী আছে। এর মধ্যে লাখ খানেক বাংলাদেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মালয়েশিয়ার এই অভিযান সম্পর্কে জানতে চাইলে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ সোমবার প্রথম আলো ডটকমকে বলেন, ‘মালয়েশিয়া অবৈধ কর্মীদের আগেই বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল। সে সময় আমরা আমাদের কর্মীদের বারবার বলেছি, তাঁরা যেন বৈধ হন; দূতাবাসে যোগাযোগ করেন। সে সময় আমাদের প্রায় পৌনে তিন লাখ কর্মী বৈধ হয়েছেন। কিন্তু অনেকেই সে সময় দালালদের সহায়তা নিয়েছেন। তাঁরা আর বৈধ হতে পারেননি। এখন তাঁরা গ্রেপ্তার হচ্ছেন।’
যাঁরা গ্রেপ্তার হচ্ছেন, তাঁদের ব্যাপারে সরকার কী করবে, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটি মালয়েশিয়ার আইনি ব্যাপার। এখানে আমরা কিছু করতে পারি না। তবে আমরা মালয়েশিয়াকে বলেছি, আমাদের কোনো নাগরিকের কাগজপত্র না থাকলে যেন তাঁদের কোনো সাজা না দেওয়া হয়। আমরা তাঁদের দেশে ফিরিয়ে আনব।’