মালাক্কা প্রণালির ওপর দিয়ে ওড়ার খবর অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধানে চলছে তত্পরতা। ছবি: রয়টার্স
মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধানে চলছে তত্পরতা। ছবি: রয়টার্স

নিখোঁজ হওয়ার আগে মালয়েশিয়ার উড়োজাহাজটি নির্ধারিত পথ থেকে সরে মালাক্কা প্রণালির ওপর দিয়ে যাচ্ছিল বলে মালয়েশিয়ার বিমানবাহিনীর প্রধানের বরাত দিয়ে প্রকাশিত খবরটি নাকচ করেছেন তিনি। আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
বিমানবাহিনীর প্রধান রোদজালি দাউদ বলেন, স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের প্রতিবেদন অসত্য। তবে এটা ঠিক, বিমানটি ফেরার চেষ্টা করেছিল।
গত শুক্রবার মধ্যরাতে মোট ১৪টি দেশের ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়। মালয়েশিয়া এয়ারলাইনসের প্রকাশিত তালিকা থেকে দেখা যায়, উড়োজাহাজে সবচেয়ে বেশি ১৫৩ জন আরোহী ছিলেন চীনের।
ভিয়েতনামের দক্ষিণে জলসীমায় যাওয়ার পর রহস্যজনকভাবে বোয়িং ৭৭৭-২০০ইআর উড়োজাহাজটি নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর এই পাঁচ দিনে ২২টি বিমান ও ৪০টি বিভিন্ন ধরনের নৌযান তন্ন তন্ন করে খুঁজছে উড়োজাহাজটিকে। গতকাল মঙ্গলবার চীনও ১০টি স্যাটেলাইট মোতায়েন করেছে।
ভিয়েতনাম জানায়, তারা নিখোঁজ বিমানটি খোঁজাখুঁজির কার্যক্রম কিছুটা সীমিত করেছে। দেশটির পরিবহনবিষয়ক উপমন্ত্রী ফাম কুয়ি আজ বলেন, ‘মালয়েশিয়ার কাছে কিছু তথ্য না পাওয়ার কারণে আমরা নিখোঁজ বিমানটির সন্ধান ও উদ্ধার তত্পরতার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ 

গতকাল মালয়েশিয়ার বিমানবাহিনীর প্রধান রোদজালি দাউদের বরাত দিয়ে স্থানীয় একটি পত্রিকার খবরে জানানো হয়, দেশটির সামরিক বাহিনীর রাডারের তথ্যে দেখা গেছে, নিখোঁজ হওয়ার আগে উড়োজাহাজটি দিক পরিবর্তন করে পশ্চিম দিকে মোড় নিয়েছিল। সর্বশেষ এটি মালাক্কা প্রণালির ওপর দিয়ে উড়ছিল। এ খবরের ব্যাপারে আজ রোদজালি দাউদ বলেন, তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। তবে নিখোঁজ হওয়ার আগে পথ পরিবর্তন করে বিমানটির ফেরার চেষ্টা করার তথ্য রাডারে ধরা গেছে।